প্রদ্যুত দাস: বদলের বাংলায় গাঁজা কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিসের। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকায় অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ পুলিসের! বাড়ি থেকে উদ্ধার আনুমানিক ২২ কেজি গাঁজা। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ লক্ষ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিন গাজা প্যাকিং করার বিভিন্ন সরঞ্জাম। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাপ্পাদিত্য সিং নামে এক যুবককে।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বাড়ির গৃহপ্রবেশের দিনেই পুলিসের এই অভিযান। বিএসএফের স্নিফার ডগ নিয়ে বাড়িতে তল্লাশি চালায় পুলিস। তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।
ধৃত বাপ্পাদিত্য সিংকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। একদিকে বাড়িতে গৃহপ্রবেশের আয়োজন, অন্যদিকে পুলিসের হানা। গাঁজা ও লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। এই বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকার নেপথ্যে কি রয়েছে কোনও বড়সড় মাদক পাচারচক্র? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।
প্রসঙ্গত, জলপাইগুড়িতে গাঁজা উদ্ধারের খবর প্রায়শই পাওয়া যায়। কিছুদিন আগেই বেলাকোবার ডাক্তারপাড়ায় গোপনে গাঁজা চাষের খোঁজ পাওয়া যায়। পুলিসের অভিযানে নষ্ট করে বহু গাঁজার গাছ। লোকচক্ষুর আড়ালে চলছিল গাঁজা চাষ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করে দেয় বেলাকোবা ফাঁড়ির পুলিস। রাজগঞ্জ এর শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার ডাক্তারপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
বেলাকোবা পুলিস ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর নেতৃত্বে পুলিস ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৬টি গাঁজা গাছের সন্ধান পায়। এরপর গাছগুলি কেটে ও উপড়ে ফেলে নষ্ট করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া মেনে গাঁজা গাছগুলি ধ্বংস করে দেওয়া হয়। অবৈধ মাদক চাষের বিরুদ্ধে পুলিসের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মাদকবিরোধী অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)