হাসপাতালের ভিতরে পানের পিক, বাইরে ময়লার স্তূপ! জলপাইগুড়ি মেডিক্যালে রোগীদের দুর্ভোগ
হাসপাতালের ভিতরে সিঁড়িতে পানের পিক, নোংরা বাথরুম এবং জানলা দিয়ে আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। অন্যদিকে, হাসপাতালের সামনের যাত্রী প্রতীক্ষালয়ও অপরিচ্ছন্ন। অভিযোগ, সেখানে শৌচালয় বন্ধ, ফ্যানও ঠিকমতো চলে না। ফলে রোগীর আত্মীয়-পরিজন ও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।
প্রদ্যুত্ দাস: হাসপাতালের প্রবেশপথেই আবর্জনার স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষোভ রোগী ও সাধারণ মানুষের। হাসপাতালের ভেতরে সিঁড়ি দিয়ে উঠতে যত্রতত্র পানের পিক। জানলা দিয়েই অনেকে ময়লা ফেলছেন সেই ছবিও জি ২৪ ঘন্টায় ক্যামেরা বন্দী। হাসপাতালে রোগীদের ওয়ার্ডের ভেতরে বাথরুম ময়লা বলে ইতিমধ্যেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।
হাসপাতালের সামনেই যাত্রী প্রতীক্ষালয়ে নোংরা ময়লা আবর্জনা। বাথরুম বন্ধ পরিষেবা নেই চরম দুর্ভোগে রোগীর আত্মীয়-পরিজনের। বাথরুমের সামনে মশারি টাঙিয়ে মানুষ ঘুমাচ্ছে। বাথরুম বন্ধ। শৌচালয় পরিষেবা না পেয়ে চরম সমস্যায় মানুষজনের। যাত্রী প্রতীক্ষালয় ফ্যান ঘোরে না। ময়লা আবর্জনার মধ্যেই মানুষজন, রোগীর আত্মীয় পরিজনেরা খাওয়া-দাওয়া করছে। হাসপাতালের ভেতরে বাথরুম ঠিকমতো পরিষ্কার হয় না বলে অভিযোগ।
আরও পড়ুন, আধুনিকতার ভিড়ে হারাচ্ছে লোকগান, রাজবংশী সংস্কৃতি বাঁচাতে লড়ছেন ৮০ বছরের মনসিং
চিকিৎসা করাতে হাসপাতালে আসেন মানুষ সুস্থ হওয়ার আশায়। অথচ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালের প্রবেশপথেই রাস্তার ধারে জমে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ ঘিরে উঠছে প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার একদিকে রয়েছে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, অন্যদিকে টিবি হাসপাতাল ও মেডিকেল কলেজের হস্টেল। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন রোগী, তাঁদের পরিজন, পড়ুয়া এবং সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, হাসপাতালের প্রবেশপথের পাশেই এভাবে আবর্জনা জমে থাকায় দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে পথচারীদের। সেই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ।
অভিযোগ, রাস্তার ধারে একাধিক দোকান গড়ে উঠেছে। দোকানগুলির আশপাশে ময়লা ফেলা হয়। পাশাপাশি বাইরে থেকেও অনেকে সেখানে আবর্জনা ফেলে যান বলে দাবি স্থানীয়দের। ফলে দিনের পর দিন জমছে নোংরা। সবচেয়ে বড় প্রশ্ন, মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রবেশপথের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এভাবে আবর্জনার স্তূপ জমে থাকলেও তা পরিষ্কারের উদ্যোগ কোথায়? পুরসভা, ব্লক প্রশাসন নাকি স্বাস্থ্য দপ্তর—কোনও পক্ষই এই সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ করছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।
আরও পড়ুন, লক্ষ্মী সরা এঁকেই জীবিকা, তাহেরপুরের পালপাড়ায় চাহিদা বাড়লেও জোগান কম
তাঁদের দাবি, অবিলম্বে হাসপাতালের প্রবেশপথের পাশ থেকে সমস্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে ওই এলাকায় ফের আবর্জনা জমে না থাকে, তার জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নজরদারির ব্যবস্থা করতে হবে। চিকিৎসার জন্য আসা মানুষ যাতে হাসপাতালের সামনেই এমন অস্বাস্থ্যকর পরিবেশের মুখে না পড়েন, সেই দাবিই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)