এক বৃন্তে দুটি কুসুম! পীরেরহাটে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী, ৯০০ বছরের এক অবিশ্বাস্য সম্প্রীতির গল্প
Jagadhatri Puja: ঐতিহ্যের সূত্র ধরেই দেবী জগদ্ধাত্রী পরিচিত পীরেরহাটের মা হিসেবে। ভক্তদের বিশ্বাস, দেবী কাউকে খালি হাতে ফেরান না। ভক্তিভরে যে যা মনস্কামনা করেন, মায়ের কৃপায় তা পূর্ণ হয়। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া লাগলেও পুজোর মূল ঐতিহ্য ও প্রাচীন রীতিনীতিতে কোনও পরিবর্তন আনতে চান না উদ্যোক্তারা।
বিশ্বজিত্ মিত্র: সম্প্রীতির অনন্য নজির পীরেরহাটের জগদ্ধাত্রী পুজো! হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা আজও বহন করে চলেছে প্রাচীন এই বারোয়ারি 'মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।' বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই অমর পঙ্ক্তির যেন জীবন্ত প্রতিচ্ছবি নদীয়ার সূত্রাগড় অঞ্চলের পীরেরহাট বারোয়ারির জগদ্ধাত্রী পুজো। ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য এবং পরম্পরার এক অনন্য নজির হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই পুজো।
কথিত রয়েছে, ১১০২ খ্রিস্টাব্দে স্বপ্নাদেশের মাধ্যমে এই পুজোর সূচনা হয়েছিল। সেই সময় থেকেই সাবেকি রীতি ও চিরাচরিত প্রথা মেনে দেবী জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে এই বারোয়ারিতে। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, একসময় এই এলাকায় বসত বিশাল একটি হাট, যার নাম ছিল পীরেরহাট। পরবর্তীকালে সেখানে গড়ে ওঠে এক পীর বাবার সমাধিস্থল। আশ্চর্যের বিষয়, আজও সেই সমাধিস্থলের দেখভাল করে আসছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। ধর্মের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই ঐতিহ্য আজও অটুট। আর সেই ঐতিহ্যের সূত্র ধরেই দেবী জগদ্ধাত্রী পরিচিত পীরেরহাটের মা হিসেবে। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস ও অলৌকিক জনশ্রুতি।
আরও পড়ুন: ল্যান্ডফলের আগেই শক্তিক্ষয় আখবানের! কমল ঝড়ের সম্ভাব্য গতিবেগ
ভক্তদের বিশ্বাস, দেবী কাউকে খালি হাতে ফেরান না। ভক্তিভরে যে যা মনস্কামনা করেন, মায়ের কৃপায় তা পূর্ণ হয়। আর সেই বিশ্বাস থেকেই প্রতিবছর দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই পুজো প্রাঙ্গণে। মনস্কামনা পূর্ণ হওয়ার পর ভক্তরা নানা রীতিতে মায়ের কাছে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেউ ভাগীরথী নদীতে স্নান সেরে দণ্ডী কাটতে কাটতে মন্দিরে উপস্থিত হন, আবার কেউ শুদ্ধাচার মেনে মাথায় ধুনো পোড়ানোর মধ্য দিয়ে মায়ের আরাধনায় সামিল হন।
ভক্তদের বিশ্বাস ও নিষ্ঠার এই দৃশ্য পুজোর অন্যতম আকর্ষণ। পুজো উদ্যোক্তাদের কথায়, মা সাবেকিয়ানাই বেশি পছন্দ করেন। তাঁর ইচ্ছার বাইরে কোনও কিছুই করা সম্ভব নয়। তাই বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া লাগলেও পুজোর মূল ঐতিহ্য ও প্রাচীন রীতিনীতিতে কোনও পরিবর্তন আনতে চান না উদ্যোক্তারা। জাঁকজমক বা আড়ম্বরের পরিবর্তে ভক্তি, নিষ্ঠা এবং পরম্পরাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এই পুজোয়। ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। ধীরে ধীরে মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়ে উঠছে দেবী জগদ্ধাত্রীর প্রতিমা।
আরও পড়ুন: ধুলো-ধোঁয়ার চাদরে দমবন্ধকর পরিস্থিতি, দূষণের দৌড়ে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে দুর্গাপুর!
অন্যদিকে, পুজোর যাবতীয় আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত উদ্যোক্তা থেকে শুরু করে এলাকার মানুষ। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের, যখন মায়ের আগমনে আবারও ভক্তি, বিশ্বাস আর সম্প্রীতির মেলবন্ধনে মুখরিত হয়ে উঠবে পীরেরহাট। ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে মানুষের বন্ধন যে কতটা গভীর হতে পারে, পীরেরহাটের জগদ্ধাত্রী পুজো আজও তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)