অয়ন ঘোষাল: বিরাট খবর! রাজ্য়ে হচ্ছে না 'বাবরি মসজিদ'! বাবরি নাম নিয়ে পিছু হঠলেন হুমায়ুন কবীর। বললেন, "আগে মসজিদ তৈরি হতে দিন, তারপর তো নামকরণের প্রশ্ন।" সাফ জানালেন, "মুখ্যমন্ত্রী আমার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছাকে মান্যতা দেব না কেন? তিনি যদি বাবরের নাম নিয়ে তখন আপত্তি তোলেন তখন অন্য নামকরণ হবে।"
হুমায়ুন কবীরের বক্তব্য
হুমায়ুন কবীর এদিন বলেন, "আগে মসজিদ তো তৈরি হতে দিন, তারপর তো নামকরণের প্রশ্ন। মসজিদ তৈরির কাজ চলছে। ইট, বালি, পাথর কোথাও বাবরের নাম লেখা নেই। মসজিদ তৈরি সম্পূর্ণ হোক। মুখ্যমন্ত্রী আমার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছাকে মান্যতা দেব না কেন? তিনি যদি বাবরের নাম নিয়ে তখন আপত্তি তোলেন তখন অন্য নামকরণ হবে।" হুমায়ুন কবীরের এই বক্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে। হুমায়ুন কবীরের বক্তব্য থেকে স্পষ্ট 'বাবরি মসজিদ' নামকরণ থেকে পিছু হঠছেন তিনি।
প্রসঙ্গত, দুদিন আগে শিলিগুড়িতে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচিতে যোগ দিতে এনজেপি-তে নেমেই কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে পা দিয়েই হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। বলেছিলেন, "বাবার নামে মসজিদ রাখুন!" রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা বিতর্ক এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই রাজনৈতিক সুর কিছুটা নরম করলেন হুমায়ুন কবীর।
'বাবরি' নামে বিতর্ক
মুর্শিদাবাদের রেজিনগর-বেলডাঙা সংলগ্ন ছেতিয়ানি গ্রামে এই মসজিদ বানাচ্ছেন হুমায়ুন কবীর। মসজিদ নির্মাণের জন্য টাকার তহবিলও সংগ্রহ করেছেন। বাবরি মসজিদের আদলে রাজ্যেও 'বাবরি মসজিদ' তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। ঘোষণার সময় থেকেই এই মসজিদ নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রস্তাবিত ‘বাবরি’ নাম নিয়েই তুমুল চর্চা শুরু হয়, এবার পিছু হটে সহনশীল সুর হুমায়ুন কবীরের।
অন্য নাম
হুমায়ুন কবীরের মতে, বর্তমানে নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেবল ইট, বালি, পাথর ও সিমেন্ট দিয়ে এখন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এই নির্মাণসামগ্রীর কোথাও বাবরের নাম লেখা নেই। ফলে অযথা এখনই নাম নিয়ে জলঘোলা করার কোনও যৌক্তিকতা নেই। এমনকি এও প্রতিশ্রুতি দিলেন যে, মসজিদ নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর মুখ্যমন্ত্রী যদি বাবরের নাম নিয়ে প্রশাসনিক বা সংবেদনশীল আপত্তি প্রকাশ করেন, তবে তাঁর ইচ্ছাকে মান্যতা দেওয়া হবে। সেক্ষেত্রে বাবরের নামের বদলে সর্বজনগ্রাহ্য অন্য কোনও বিকল্প নামকরণ করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)