মানত ছিল বিজেপি ক্ষমতায় এলে মায়ের পুজো দেবেন, সম্পত্তি বন্ধক রেখে প্রতিজ্ঞা পূর্ণ করলেন বিজেপি কর্মী
Durga Puja: রাজ্যে বিজেপি ক্ষমতায়। আশা পূর্ণ হওয়ায় খুশি হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী
বিমল বসু: যেমন কথা, তেমন কাজ। রাজনৈতিক পালাবদলের আবহেই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে সম্পন্ন হল এক ব্যতিক্রমী দুর্গা পুজো। এখানকার এক ব্যক্তি মানত করেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে করবেন দুর্গাপুজো। পালাবদলের পর সেইমত জমি বন্ধক রেখে সেই মানত পূর্ণ করলেন হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী পূর্ণেন্দু রায়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) সরকার বাংলায় ক্ষমতায় আসলে দুর্গাপুজো দেবেন বলে মানত করেছিলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রায় পাড়ার বাসিন্দা বিজেপি কর্মী পূর্ণেন্দু রায়। তাঁর সেই মনস্কামনা পূরণ হতেই এবার দুর্গাপূজোয় মেতে উঠেছে রায়বাড়ি।
পূর্ণেন্দু রায় অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ। আর্থিক অবস্থা সচ্ছল না হলেও ভক্তি ও সংকল্পে কোনো খামতি রাখেননি তিনি। চরম আর্থিক সংকটের মধ্যে নিজের একমাত্র চাষের জমি বন্ধক রেখে এই পূজার আয়োজন করেছেন তিনি।
সম্পূর্ণ সাবেকি রীতিনীতি মেনে দেবীকে ১০৮টি নীল পদ্ম দিয়ে পূজা করা হচ্ছে, যা এই এলাকায় সর্বপ্রথম। এই পূজাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যমে পূর্ণেন্দু রায় বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে একটা মানত করেছিলাম মায়ের কাছে। যদি এই রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসে তাহলে মায়ের আরাধনা বাড়ি থেকেই শুরু করব। সেই ইচ্ছে পূরণ হয়েছে। বর্তমানে আমরা উন্নয়ণের জোয়ারে ভাসছি। নিজের সম্পত্তি বন্ধক রেখে মাত্র ২০ দিনের মধ্যে এই পুজোর আয়োজন করেছি। একেবারে শূন্য হাতে শুরু করেছি। বেশ ভালো লাগছে।
স্থানীয় বাসিন্দা সৌমেন মণ্ডল বলেন, পূর্ণেন্দুদা প্রতিজ্ঞা করেছিলেন এই সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তিনি মায়ের পুজো করবেন। সেই ইচ্ছে পূরণ হয়েছে। নিজের সম্পত্তি বন্ধ রেখে তিনি পুজো করছেন। এলাকার সবচেয়ে ভালো প্রতিমা উপহার দিয়েছেন। খুবই ভালো লাগছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)