১১৫ বছর পর আজও অটুট তুলাদানের রেওয়াজ, গোপাষ্টমীকে ঘিরে জমজমাট গোশালা মেলা
Jalpaiguti: প্রাচীন রীতি মেনে দাঁড়িপাল্লায় উঠে নিজের শরীরের ওজন মাপেন ভক্তরা। এরপর নিজের ওজনের সমপরিমাণ কিংবা তার বেশি ওজনের গরুর খাদ্য সামগ্রী দান করেন
প্রদ্যুত্ দাস: বদলের বাংলাতেও অটুট ১১৫ বছরের ঐতিহ্য। গোপাষ্টমী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই জমজমাট জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন গোশালা প্রাঙ্গণ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। গরু পুজো, গরুর সেবা এবং গরুকে খাওয়ানোর পাশাপাশি এদিনের অন্যতম আকর্ষণ তুলাদান অনুষ্ঠান।
প্রাচীন রীতি মেনে দাঁড়িপাল্লায় উঠে নিজের শরীরের ওজন মাপেন ভক্তরা। এরপর নিজের ওজনের সমপরিমাণ কিংবা তার বেশি ওজনের গরুর খাদ্য সামগ্রী দান করেন তাঁরা। যার মধ্যে রয়েছে খোল, ভুসি, ছোলা, গুড়, তেল, নুন এবং ঘাস-সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এই তুলাদানের মধ্য দিয়ে পুণ্যলাভ হয় এবং শরীর ও মন ভালো থাকে, এমনই বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে। সেই বিশ্বাস ও পরম্পরাকে ধরে রেখেই আজও প্রতিবছর অনুষ্ঠিত হয় এই তুলাদান।
মূলত মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে বংশপরম্পরায় চলে আসছে এই পুজো ও মেলা। তবে শুধু একটি সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এই উৎসব। জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ এদিন গো-পুজোয় অংশগ্রহণ করেন। গোপাষ্টমী উপলক্ষে গোশালা প্রাঙ্গণে বসে জমজমাট মেলা যা কার্যত মিলনমেলার রূপ নেয়। দিনবাজার এলাকা বন্ধ রেখে বহু মানুষ একত্রিত হয়ে এই উৎসবে সামিল হন বলে জানান উদ্যোক্তারা।
আরও পড়ুন-পাঁচটা কেন ৫০০ এনকাউন্টার হলেও কম, এদিকে ওদিক করলেই পুলিসের গুলি আছে: দিলীপ ঘোষ
উদ্যোক্তাদের দাবি, শুধু গোপাষ্টমীর দিনই নয়, সারা বছর ধরেই গো সেবার কাজে যুক্ত থাকেন তাঁরা। এদিন পুজো ও মেলা উপলক্ষে গোশালা প্রাঙ্গণে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
১১৫ বছরের পুরনো ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, গো সেবা এবং সম্প্রীতির মেলবন্ধনে গোপাষ্টমী উপলক্ষে ফের একবার মিলনক্ষেত্র হয়ে উঠেছে জলপাইগুড়ির গোশালা প্রাঙ্গণ। দূর দুরন্ত থেকে নানা রকমের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)