ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কন্টেইনার! কেবিন খুলতেই মিলল নিথর দেহ- খুন না অন্য কিছু?
পুলিস ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারের কেবিন খুলতেই চালককে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
চিত্তরঞ্জন দাস: কালীপুজোর পরের দিন দুপুরে পশ্চিম বর্ধমান জেলায় মর্মান্তিক ঘটনা। কাঁকসার রাজবাঁধে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের ভিতরে উদ্ধার চালকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার আইসি সন্দীপ দাস, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম-সহ কাঁকসা থানা ও ট্রাফিক গার্ডের পুলিস কর্মীরা।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী
পুলিস কন্টেইনারের কেবিন খুলে চালককে তাঁর আসনে অচৈতন্য অবস্থায় বসে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই গাড়িটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। দীর্ঘক্ষণ গাড়িটি একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর তাঁরা কাঁকসা থানার পুলিসকে খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারের কেবিন খুলতেই চালককে অচৈতন্য অবস্থায় দেখতে পায়।
আরও পড়ুন: রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম
জানা গিয়েছে, কন্টেইনারটি হরিয়ানা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পুলিস গাড়িটিকে নিজেদের হেফাজতে রেখেছে। এখনও পর্যন্ত মৃত চালকের নাম ও পরিচয় জানা যায়নি। তবে কন্টেইনারের গায়ে লেখা ফোন নম্বর দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ঘটনার খবর দেওয়া হয়েছে। কী কারণে ওই চালকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)