প্রদ্যুৎ দাস: পুজোর ছুটির আগে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। মিড ডে মিলের পাতে ভাত, ডাল, সোয়াবিনের পরিবর্তে ফ্রাইড রাইস, মাংস, চাটনি আর পাপড়! একেবারে এলাহি আয়োজন। শারদীয়ার প্রাক্কালে এমন খাবার পেয়ে আনন্দে আত্মহারা কচিকাঁচারা। নিজের হাতে পড়ুয়াদের খাবার পরিবেশন করলেন শিক্ষক-শিক্ষিকারা। এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে।
শারদীয় উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। চারদিকে পুজোর সাজো সাজো রব। আর সেই উৎসবের আনন্দ থেকে যাতে খুদে পড়ুয়ারাও বঞ্চিত না হয়, তার জন্যই বিশেষ উদ্যোগ নিলেন ধূপগুড়ির সাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোঁসাইরহাটের ঝালটিয়ারহাট সংলগ্ন গড়খুট্টা ৩ নম্বর বিএফপি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
পুজোর ছুটির আগে বুধবার বিদ্যালয়ে আয়োজন করা হয় 'শারদীয়ার স্নেহের আহার'। এদিন প্রায় দুশোরও বেশি পড়ুয়ার পাতে তুলে দেওয়া হয় ফ্রাইড রাইস, মাংস, চাটনি ও পাপড়। প্রতিদিনের চেনা মিড ডে মিলের পরিবর্তে পছন্দের খাবার পেয়ে খুশিতে মেতে ওঠে ছোট ছোট পড়ুয়ারা। শুধু খাবারের আয়োজনই নয়, নিজেদের হাতে পড়ুয়াদের খাবার পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের মুখে তৃপ্তির হাসি দেখে আনন্দিত তাঁরাও।

একদিকে পুজোর ছুটির উচ্ছ্বাস, অন্যদিকে পছন্দের খাবার। সব মিলিয়ে বিদ্যালয় চত্বর যেন হয়ে ওঠে এক টুকরো উৎসবের প্রাঙ্গণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতোষ চ্যাটার্জী জানান, শারদীয় উৎসবের আগে পড়ুয়াদের আগাম শুভেচ্ছা জানাতেই এই বিশেষ আয়োজন। প্রায় দুই শতাধিক পড়ুয়ার জন্য তাদের পছন্দের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়াদের মুখে হাসি ফোটানোই তাঁদের মূল উদ্দেশ্য।
বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। শিক্ষক-শিক্ষিকাদের এমন আন্তরিক আয়োজনে আনন্দিত পড়ুয়ারা। পুজো মানেই আনন্দ, পুজো মানেই খুশি। আর সেই খুশির ছোঁয়া এবার মিড ডে মিলের পাতেও। দামি উপহার নয়, একবেলা পছন্দের খাবার আর শিক্ষক-শিক্ষিকাদের স্নেহেই শারদীয়ার আগাম আনন্দে মাতল ধূপগুড়ির এই বিদ্যালয়ের কচিকাঁচারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)