ফুঁসছে সাগর! ১৪০ কিমি বেগে আছড়ে পড়বে দানবীয় ঘূর্ণিঝড় অর্ণব, বাংলায় টানা বৃষ্টির তাণ্ডব
Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে । ২৮ অক্টোবর এটি অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ১৪০ কিমি। বাংলায় ২৭ থেকে ৩০ অক্টোবর ভারী বৃষ্টি হবে।
অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ডিপ্রেশনে পরিণত। ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে ১৪০ কিমি গতিবেগে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে।
অতি তীব্র ঘূর্ণিঝড়
পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি প্রথমে প্রায় দক্ষিণ দিকে সরে ২৫ অক্টোবর অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে বাঁক নেবে। ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড় (CS) এবং ২৭ অক্টোবর সকালে শক্তিশালী ঘূর্ণিঝড় -এ(SCS পরিণত হবে। এরপর উত্তরপশ্চিম দিকে এগিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (VSCS) পরিণত হয়ে ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে।
ল্যান্ডফল:
২৮ অক্টোবর বুধবার দুপুরে বিশাখাপত্তনমের কাছে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। তখন ঝড়ের গতিবেগ থাকবে সাধারণভাবে ১১৫-১২৫ কিমি। দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং বিজয়ওয়াড়ার মাঝে মছলিপত্তনমে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভবনা।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সকালে রক্তাক্ত হাইওয়ে! দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবোঝাই বাসের তীব্র ধাক্কা, আহত বহু
ঝড়ের গতিপথ ও শক্তি:
২৫ অক্টোবর রবিবার - ৫৫-৬৫ কিমি, দমকা ৭৫ কিমি প্রতি ঘণ্টায় - অতি-গভীর নিম্নচাপ (DD)
২৬ অক্টোবর সোমবার - ৭০-৮০ কিমি, দমকা ৯০কিমি প্রতি ঘণ্টায় - ঘূর্ণিঝড় অর্ণব।(CS)
২৭ অক্টোবর মঙ্গলবার - ৯০-১০০ কিমি, দমকা ১১০ কিমি প্রতি ঘণ্টায় - শক্তিশালী ঘূর্ণিঝড় (SCS)
২৮ অক্টোবর বুধবার - ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি প্রতি ঘণ্টায় - অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (VSCS)
বাংলায় প্রভাব
এই সিস্টেমের প্রভাবে ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া এবং ২৮ অক্টোবর বুধবার থেকে ৩০ অক্টোবর শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গ
২৬ অক্টোবর সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া।
২৭ অক্টোবর মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কয়েক জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৩০-৪০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি।
২৮ অক্টোবর বুধবার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭০-১১০মিমি)। ওই জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: আপেল ৩০০, প্রতিমা ১৫০০! লক্ষ্মীপুজোয় মা লক্ষ্মী ঘরে আসার আগেই পকেট ফাঁকা মধ্যবিত্তের
উত্তরবঙ্গ
২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া সব জেলাতে। ২৮ অক্টোবর বুধবার থেকে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা।
৩০ অক্টোবর শুক্রবারে বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা।
সতর্কতা
খোলা মাঠে বজ্রপাত। নিচু এলাকায় জল জমা। ফসলের ক্ষতি। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন।
মৎস্যজীবী সতর্কতা
আজ সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ৮০-৯০ কিমি, দমকা ১০০ কিমি ঝোড়ো হাওয়া থাকবে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ৯০-১০০ কিমি, ২৮ অক্টোবর বুধবার সকালে ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি। সমুদ্র এই দিন ভয়াবহ থাকবে।
পশ্চিমবঙ্গ উপকূলে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ উপকূলে এবং কাল ২৬ অক্টোবর সোমবার থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোব সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে। নির্দেশিকা আবহাওয়া দফতরের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)