বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়
Bengal Weather Update: আজ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা
অয়ন ঘোষাল: সাধারণ ঘূর্ণিঝড় “আখভান” গতকাল মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে গিয়ে আগামিকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এরপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরশু ২০ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও বিশাখাপত্তনম এর মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা শুক্রবার দুপুরের আগেই।
পশ্চিমবঙ্গে আজ থেকে হাওয়া বদল। সকাল থেকেই মেঘ ঢুকবে। সকালে আংশিক এবং সময় গড়ালে সম্পূর্ণ মেঘলা আকাশ। বাড়বে গুমোট অস্বস্তি। গায়েব হবে আরাম। বাংলায় ফিরছে জলীয় বাষ্পের দাপাদাপি। আজ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বাংলায় রাতের তাপমাত্রা কোথাও ২ কোথাও ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে হালকা শীতের মনোরম আমেজ নষ্ট করবে।
আজ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
কাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন-ট্রলার কেনা-বাড়ি তৈরির ঋণ ফুলেফেঁপে বিশাল, নন্দীগ্রামে শেখ সুফিয়ানের দরজায় ব্যাংকের রিকভারি সেল
পরশু শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সব জেলায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। তবে ওড়িশা অন্ধ্র তামিলনাড়ু রাজ্যের মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)