কিরণ মান্না: নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে নোটিস সাঁটাল কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের রিকভারি সেল। ব্যাংক সূত্রে জানা গিয়েছে,সমুদ্রে মাছ ধরার ট্রলারের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা এবং বাড়ি তৈরির জন্য হাউজ বিল্ডিং লোন ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন শেখ সুফিয়ান।
জানা যাচ্ছে প্রাথমিকভাবে কিছু টাকা পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে ঋণের টাকা। বর্তমানে সুদ-সহ প্রায় ৫৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে দাবি ব্যাংকের। বারবার টাকা পরিশোধের কথা বলা হলেও তা মেটানো হয়নি বলে অভিযোগ। এরপরই রিকভারি সেলের ৫ সদস্যের একটি দল নন্দীগ্রাম থানার পুলিসের উপস্থিতিতে তাঁর বাড়িতে নোটিস সাঁটায়।
নন্দীগ্রাম শাখা থেকে এই ঋণ নিয়েছিল সুফিয়ান। আজ হেড অফিস থেকে রিকভারির টিম সুফিয়ানের বাড়িতে পৌঁছায়। বকেয়া টাকা আদায়ে আগামী দিনে পরবর্তী পদক্ষেপ করবে ব্যাংক। যদিও সুফিয়ান বাড়িতে ছিলেন না বলে পরিবার সূত্রে জানা গেছে। এই বিষয়ে পরিবারের কোনো সদস্য কিছুই বলতে চাননি।
ব্যাংক রিকভারি সেলের আধিকারিক চঞ্চল দাস বলেন, আমরা কন্টাই কোঅপরেটিভ ব্যাংকের আমরা এনফোর্সমেন্ট এজেন্ট। এই নোটিস দেওয়া হল যাতে উনি এই সম্পত্তি অন্য কাউকে বিক্রি করতে না পারেন। এরপর যদি উনি ঋণ শোধ না করেন তাহলে ভবিষ্যতে অন্য পদক্ষেপ করা হবে। এই মুহূর্তে আমাদের ডিমান্ড ৫৮ লাখেরও বেশি কিছু টাকা। ডিমান্ড নোটিস দেওয়ার হয়েছে আগে। সেই নোটিস গ্রহণও করেছেন ওঁরা। এর মেয়াদ ৬০ দিন। সেটা পেরিয়ে গিয়েছে। তাই এই নোটিস দিয়ে গেলাম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)