জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আজ, সোমবার ছটপুজোর সমাপ্তি হল! রাজ্য জুড়ে নদী বা জলাশয়ের ঘাটে ঘাটে আজ সকাল ভক্তদের ঢল। দিনের প্রথম সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমসকালে সম্পন্ন হল ছটপুজোর এই শেষ পর্ব। আজ, ছটের চতুর্থ দিন-- তিথি হিসেবে এটি সপ্তমী। আজ ভোরের আলো ফুটতেই বিভিন্ন নদী জলাশয়ের ঘাটে ভক্তদের ঢল। সে এক দারুণ বর্ণিল ছবি। সঙ্গে গীত ও বাদ্য। পুজোর ব্যস্ততা, আচারের নিষ্ঠা। হাতে পুজোর ডালা, তাতে সাজানো ফলমূল, আখ, নারকেল-সহ নানা নৈবেদ্য। এসব নিয়ে ঘাটে উপস্থিত ছটব্রতীরা। নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনায় মেতে ওঠেন তাঁরা। শহর কলকাতা থেকে শহরতলি-- সর্বত্র এক ছবি।
শিলিগুড়ি
সোমবার ভোরবেলা থেকেই শিলিগুড়ি শহর ও শহরতলির ছটব্রতীরা ছটের ডালি ও কুলো নিয়ে মহানন্দার তীরে পূজার্চনায় ব্যস্ত হয়ে পড়েছেন। মহানন্দায় হাজার হাজার প্রদীপের দ্যুতি। সেজে উঠেছে নদীর দুপাশ। জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে ছট উৎসব।
জলপাইগুড়ি
জলপাইগুড়িতে ঘাটে ঘাটে ভক্তদের ঢল। সোমবার ভোররাত থেকেই জলপাইগুড়ির বিভিন্ন নদী ও পুকুরের ঘাটে শুরু হয় পুণ্যার্থীদের ভিড়। সূর্যদেবের আরাধনায় ব্রতী হন ভক্তরা। জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে ছটপুজোর উৎসবে শামিল হন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই শহরের বিভিন্ন পুজোঘাটে ছিল উৎসবের আমেজ। বিশেষ করে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসের পুকুরঘাটে দেখা যায় মানুষের ঢল। সূর্যদেবের কাছে পুজো ও প্রার্থনার মধ্য দিয়ে নিষ্ঠা এবং ভক্তিভরে ছটপুজো পালন করেন ব্রতীরা।
মালবাজার
উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমবার সকালে সম্পন্ন হল ছটপুজোর শেষ পর্ব। ভোরের আলো ফুটতেই মালবাজার মহকুমার বিভিন্ন নদীর ঘাটে ভক্তদের ঢল নামে। হাতে পুজোর ডালা, তাতে সাজানো ফলমূল নিয়ে ঘাটে উপস্থিত হন ব্রতীরা। নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনায় মেতে ওঠেন তাঁরা। মহকুমার বিভিন্ন ঘাটে সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। কোথাও ছটের গান, কোথাও শঙ্খধ্বনি, কোথাও আবার ভক্তিগীতিতে মুখর হয়ে ওঠে নদীতীর। উৎসবের আনন্দে যোগ দেন ব্রতীদের পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। পাশাপাশি আতশবাজিতে উৎসবের আবহ আরও জমে ওঠে।
বর্ধমান
ছটপুজো উপলক্ষে উৎসবের আবহে বর্ধমানের সদরঘাট। দামোদর নদের তীরে পুণ্যস্নান ও সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে সোমবার সকাল থেকেই ভিড় জমান অসংখ্য পুণ্যার্থী। শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন। উপবাস ও কঠোর নিয়ম মেনে নদীর জলে দাঁড়িয়ে সূর্যাস্ত ও পরদিন সূর্যোদয়ের সময় পুজো সম্পন্ন করেন ব্রতীরা।
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিস সুপার পুষ্পা এবং বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আশীষ পাল-সহ একাধিক আধিকারিক ও বিশিষ্টজন। যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর রাখা হয়।
আসানসোল
ভোরের আলো ফুটতেই নদী ও পুকুরের ঘাটে ভক্তদের ঢল। হাতে পুজোর ডালা। জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সোমবার সকালে ছটপুজোর শেষ পর্ব সম্পন্ন করলেন ব্রতীরা। সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনায় এ দিন ভোর থেকেই উৎসবের আবহে মুখর হয়ে ওঠে আসানসোল শিল্পাঞ্চল। ছটপুজোর নিয়ম মেনে রবিবার সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেছিলেন ব্রতীরা। রাতভর উপবাস ও পুজোর প্রস্তুতির পর সোমবার ভোরে ফের পরিবারের সদস্যদের সঙ্গে ঘাটে পৌঁছে যান তাঁরা। নদী ও পুকুরের জলে দাঁড়িয়ে সূর্যের প্রথম কিরণের অপেক্ষায় থাকেন ব্রতীরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় ঊষা অর্ঘ্য নিবেদন। পরিবারের মঙ্গল, সুস্বাস্থ্য ও সুখসমৃদ্ধি কামনায় সূর্যদেবের কাছে প্রার্থনা করেন তাঁরা।
বাবুঘাট/খড়্গপুর ইন্দ্রনীল খাঁ/দিলীপ ঘোষ
রাজ্যের বিভিন্ন প্রান্তেই ছট উৎসব হয়। খড়্গপুরে দিলীপ ঘোষ জানান, খড়্গপুরে আমরা ছট উৎসবে অংশ নিলাম। ১৪টি পুকুরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। এদিকে আজ বাবুঘাটেও যথারীতি পালিত হচ্ছে ছট। হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে বাবুঘাটে। কিন্তু ঘাট ও সংলগ্ন চত্বর ততটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই-- পুজোর আচারসামগ্রী ঘাটের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বাবুঘাট গিয়ে তাই সাফাই অভিযানে সামিল হন। নিজেই ঝাড়ু দিয়ে ঘাট পরিষ্কার করার কাজে নেমে পড়েন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)