SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্রায় ৬ ফুটের বিষধর কেউটে উদ্ধার করেছিলেন, ছাড়তে গিয়েই চোখে বিষ! বস্তাবন্দি করেও...

Canning News: কাবিল জমাদার প্রায় ৩০ বছর ধরে লোকালয় থেকে সাপ উদ্ধার করেন। নাগোরতলা গ্রামে প্রায় ৬ ফুটের একটি কেউটে উদ্ধারের পর সেটিকে জঙ্গলে ছাড়তে গিয়ে তাঁর ডান চোখে সাপের বিষ ছিটকে পড়ে বলে জানা গিয়েছে।

Written By Debasmita Das
Published: Oct 09, 2026, 12:27 PM IST | Updated: Oct 09, 2026, 12:37 PM IST
Join

প্রসেজনিত্‍ সর্দার: দীর্ঘদিন ধরে সাপ উদ্ধার করে মানুষের ভয় দূর করার কাজ করেন তিনি। বিষধর কেউটে, চন্দ্রবোড়া কিংবা কালাচ, বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়াই তাঁর কাজ। কিন্তু সেই কাজ করতে গিয়েই এবার বিপদে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার কাবিল জমাদার। সাপ ছাড়তে গিয়ে তাঁর ডান চোখে বিষ ছিটকে পড়েছে বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সিঁড়ির মধ্যে লুকিয়ে ছিল প্রায় ৬ ফুটের কেউটে

জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ এলাকার বাসিন্দা কাবিল জমাদার প্রায় ৩০ বছর ধরে সাপ উদ্ধারের কাজ করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলার নাগোরতলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লার বাড়িতে সাপ ঢুকে পড়ার খবর পেয়ে সেখানে পৌঁছন কাবিল। বাড়ির সিঁড়ির মধ্যে লুকিয়ে ছিল প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর কেউটে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন তিনি। এরপর সেটিকে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেন।

সাপ ছাড়তে গিয়েই বিপত্তি

বলা হচ্ছে, সাপটিকে ছাড়তে যাওয়ার সময় আচমকাই তার বিষ কাবিলের ডান চোখে ছিটকে পড়ে। বিপদের মুখেও অবশ্য সাপটিকে ছেড়ে পালিয়ে যাননি তিনি। কোনও রকমে সেটিকে বস্তার মধ্যে ঢুকিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করেন। তারপর যন্ত্রণায় চিৎকার শুরু করেন কাবিল। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা বুঝতে না পেরে সর্পবিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন, নন্দীগ্রাম ও রেজিনগরে বিপুল ভোটে এগিয়ে বিজেপি! বিরোধীদের অবস্থা কীরকম?

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়

চিকিৎসকের পরামর্শ মেনে কাবিলকে জীবন্ত সাপ-সহ ঘুটিয়ারিশরিফ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। আক্রান্তের চোখ পরিষ্কার করা হয় এবং অ্যান্টিভেনমের ১০টি ভায়াল দেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অসাবধানতাতেই দুর্ঘটনা, জানালেন সর্পবিশেষজ্ঞ

সর্পবিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায়ের কথায়, সাপটি জালে জড়িয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতেই অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। তাঁর আশা, দ্রুত চিকিৎসার ফলে কাবিল সুস্থ হয়ে উঠবেন। দীর্ঘ তিন দশক ধরে মানুষের নিরাপত্তার স্বার্থে বিপজ্জনক সাপ উদ্ধার করে চলেছেন কাবিল। এবার সেই কাজ করতে গিয়েই নিজে বিপদের মুখে পড়লেন তিনি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন, হাওড়া থেকে ট্রেনে, তারপর টোটোয় করে পাচার? কাটোয়ায় ১৪ কেজি মাদক-সহ ধৃত ৪

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES