ইন্টারভিউ পাশ, হাতে অফার লেটার! তবু হল না জয়েনিং, রাতারাতি বাতিল সম্পূর্ণ প্যানেল
Bardhaman: নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও কেন বাতিল হল প্যানেল? এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্ষতিগ্রস্ত প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের জেরেই এই সিদ্ধান্ত।
অরূপ লাহা: চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউয়ে উত্তীর্ণ হয়েছেন, প্রকাশিত হয়েছে চূড়ান্ত প্যানেল। এমনকী, নির্বাচিত প্রার্থীদের হাতে পৌঁছেও গিয়েছিল নিয়োগপত্র। এবার শুধু কাজে যোগ দেওয়ার অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষার মধ্যেই ছন্দপতন। আচমকাই বাতিল করে দেওয়া হল বর্ধমান মেডিক্যাল কলেজের একটি প্রকল্পের সম্পূর্ণ নিয়োগ প্যানেল। আর তা ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের জেরেই এই সিদ্ধান্ত। অভিযোগের আঙুল উঠেছে বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের দিকে।
আরও পড়ুন: দীপাবলিতে আঁধার! 'তৃণমূলের পাপে' চিরতরে চাকরি গেল আরও ১ হাজার 'যোগ্য' শিক্ষাকর্মীর
জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR-DHR-VRDL)-এর আর্থিক সহায়তায় পরিচালিত বর্ধমান মেডিক্যাল কলেজের একটি প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তির মেমো নম্বর ছিল BMC/2675। সায়েন্টিস্ট-বি (মেডিক্যাল ও নন-মেডিক্যাল), ল্যাব টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য একাধিক ধাপে প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে নথি যাচাই, এরপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়। প্রার্থীদের দাবি, সমস্ত নিয়ম মেনেই নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছিল। নির্বাচিতদের নামে BMC/3104, BMC/3109, BMC/3110, BMC/1011-সহ একাধিক মেমো নম্বরে নিয়োগপত্রও পাঠানো হয়। কিন্তু গত ৫ নভেম্বর প্রকাশিত নির্দেশিকায় গোটা প্যানেল বাতিলের কথা জানানো হয়।
নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও কেন বাতিল হল প্যানেল? এই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্ষতিগ্রস্ত প্রার্থীরা। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনও অনিয়মের কথা কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। বরং নির্বাচনের পর নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, কয়েকটি পদে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগের জন্য বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রের তরফে চাপ সৃষ্টি করা হয়েছিল। বিশেষ করে অপেক্ষাকৃত নীচের স্তরের পদগুলিতে পছন্দের লোকজনকে সুযোগ করে দেওয়ার চেষ্টা হয় বলে তাঁদের দাবি। সেই চাপের ফলেই শেষ পর্যন্ত সম্পূর্ণ প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ প্রার্থীদের। যদিও বিধায়কের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে SIR? কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
প্যানেল বাতিলের সিদ্ধান্ত জানার পর বিষয়টি নিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থ হন নির্বাচিত প্রার্থীরা। অধ্যক্ষের সঙ্গে দেখা করেও তাঁরা সন্তোষজনক উত্তর পাননি বলে অভিযোগ। তাঁদের দাবি, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্যানেল বাতিলের নির্দিষ্ট কারণ জানতে পারেননি। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীকে ই-মেল করে বিষয়টি জানান তাঁরা। জেলাশাসক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন। নিয়োগ বাতিলের নেপথ্যে কোনও রাজনৈতিক প্রভাব কাজ করেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)