অয়ন শর্মা: ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্যের মেডিকেল কাউন্সিলে SIR? বড় সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, "এমন কিছু কিছু চিকিৎসক রয়েছেন, যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা রয়েছে, 'ভ্যালিড আপ টু', এর কোনও আইনি যৌক্তিকতা নেই আমরা দেখেছি। কী কারনে লেখা হয়েছিল খতিয়ে দেখা হবে।" একইসঙ্গে তিনি বলেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা নার্সিংহোমের উপর নজর রয়েছে। একাধিক নার্সিংহোমকে নোটিস ধরানো হয়েছে। সমস্ত লাইসেন্স রয়েছে কিনা, পরিকাঠামো সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। নার্সিংহোম কর্তাদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "টাকার বিনিময়ে সমস্ত অনুমতিপত্র জোগাড় করার চেষ্টা করবেন না।"
স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে কিছু সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিছু সার্টিফিকেট পাওয়া গেছে যেখানে ভ্যালিড আপ টু লেখা আছে। ক্রেডিট পয়েন্টের কথা বলা হয়েছে। আইনি এর কোনও যৌক্তিকতা নেই আমরা খতিয়ে দেখেছি। সমস্ত সার্টিফিকেট আপাতত ভ্যালিড থাকছে। তবে জাতীয় মেডিক্যাল কাউন্সিলকে জানানো হয়েছে। প্রচুর ডাক্তার ধরা পড়েছে। সংখ্যাটা আপনারা জানতে পারবেন। ১ লাখ ১০ হাজার ডাক্তারকে রি-ভ্যালিড করা হবে। ফের যাচাই করা হবে। যেমন কেওয়াইসি যাচাই করা হয়। তেমন যারা ম্যানুয়াল আসবেন তাদের জন্য MKYC এবং যারা দূরে থাকেন তাদের জন্য VKYC করা হবে। স্বাস্থ্য দফতরে আইটি সেক্টর কাজ করছে। SIR-এ যেমন ভাবে নথি যাচাই করা হয়। তেমন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী এদিন আরও বলেন, ভিন রাজ্যের ডাক্তারের রেজিস্ট্রেশন পাওয়া গিয়েছে। সেইসব রেজিস্ট্রেশন যাচাই করতে ওড়িশা, বিহার, অসম, ঝাড়খণ্ডের মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হবে। ভুয়ো ডাক্তারের পরিধি বৃহৎ। তবে এখনই কাউকে বিব্রত করা হবে না। এখনও পর্যন্ত সব রেজিস্ট্রেশন ভ্যালিড। তবে মৃত ডাক্তারদের নাম কাটা যাবে। যারা বিদেশে ডাক্তারি করেন, তাঁরা রেজিস্ট্রেশন রাখতে চান কিনা, জানতে চাওয়া হবে। নথিপত্র খতিয়ে দেখা হবে। যারা ডাক্তার অথচ ডাক্তারি করছেন না, তাদের কাছেও জানতে চাওয়া হবে। এরপর মেডিক্যাল কাউন্সিলে ভোট হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)