জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে বাবার পদাঙ্কই অনুসরণ করে ছেলেও বেছে নিয়েছে ক্রিকেট। তাঁর বাবার নামের সুবিচারই করছেন ১৯ বছরের বিস্ফোরক ব্যাটার। এখনই বেশ নামডাক আর্যবীর শেহওয়াগের। আর বলে দেওয়ার দরকার নেই যে তাঁর বাবা বিখ্যাত বীরেন্দ্র শেহওয়াগ। শুক্রবার ৬ নভেম্বর ওমানের রাজধানী মাসকাটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত-নেপাল। আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড দেখল আর্যবীরের বিস্ফোরণ। ৭ চার ও ৪ ছয়ে ৫২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেললেন আর্যবীর। ১৩৪.৬১ এর স্ট্রাইক রেটে ব্যাট করলেন শেহওয়াগপুত্র। আর ভারতকে ১০ উইকেটে জেতাতে রাখলেন দুর্দান্ত অবদান। সাধে কী আর বাপ কা বেটা!
নেপালের ইনিংস
লক্ষ্য রায়চান্দানির টিম ইন্ডিয়া টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিল বিপিন শর্মার নেপালকে। নির্ধারিত ২০ ওভারে নেপাল মাত্র ১২৮ রানই তুলতে পেরেছিল। নেপালকে বড় ধাক্কা দিয়েছেন মিডিয়াম পেসার ঈশান সুদ ও অফস্পিনার অর্জুন রাজপুত। ঈশান ১০ ওভার বল করে ১৮ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন। অর্জুন ৫.৩ ওভার বল করেই পেয়েছেন তিন উইকেট। হাফ ডজন উইকেটে নাম ঈশান-অর্জুনের। ২ উইকেট নিয়েছেন যশবীর গৌড়ের। এক উইকেট করে নিয়েছেন কাব্য পরেশ প্যাটেল ও মানাল চৌহান।
ভারতের ইনিংস
রানই বলে দিচ্ছে যে নেপালের ব্যাট করতে নেমে কী প্রচণ্ড ভরাডুবিই না হয়েছিল। মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রান করেছেন। সর্বাধিক রান দর্শ সোনারের। ৯৩ বলে ৪৩ রান করেছেন তিনি। টি-২০ ক্রিকেটে ১২৮ কোনও রানই নয়, আর এই রান ডিফেন্ড করতে হলে অসাধারণ বোলিংই করতে হয়। নেপাল তেমনটা পারেনি। অধিনায়ক লক্ষ্য রায়চান্দানি (৭ চারে ৬৩ বলে অপরাজিত ৫৩ রান) ও আর্যবীর শেহওয়াগের অপরাজিত ওপেনিং পার্টনারশিপে ভারত ১০ উইকেটে ম্য়াচ জিতে যায়! তাও আবার হাতে ১৮৫ বল রেখে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)