প্রসেনজিত্ সরকার: ক্যানিং থেকে ঠাকুর দেখে ফেরার পথে মৌখালি ব্রিজের ওপর বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় জয়নগর সাংগঠনিক জেলার কিষান মোর্চার জেলা সেক্রেটারি সুমন হালদার ও ৬০ ঊর্ধ্ব বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ।
সুমন হালদারের জানিয়েছেন, গতকাল রাতে তিনি তাঁর বাবা ও ৫-৬ জন রাজনৈতিক বন্ধুকে নিয়ে বাইকে করে ক্যানিংয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার পথে রাত আনুমানিক ১২টা নাগাদ মৌখালি ব্রিজের ওপর ওঠার পর ১৫-২০ জনের একটি দল তাঁদের পথ আটকায় এবং অতর্কিতে হামলা চালায়।
তাঁর অভিযোগ,"সরকারি জায়গায় অবৈধভাবে ২টি দোকান ঘর বসানো নিয়ে প্রতিবাদ করেছিলেন। সেই আক্রোশ থেকেই তাহার ওপর এই হামলা। হামলার সঙ্গে জড়িত রহিদুল লস্কর, রেজাউল নস্কর, মিজান মোল্লা, শফিকুল্লা ও ইয়ার মহম্মদ মোল্লা। এছাড়াও আরও ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিল'।
সুমন হালদার আরও জানান, হামলাকারীরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাঁর বাবাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। ঘটনায় তাঁর বাবা আহত হয়েছেন।
এই ঘটনার পর তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, "একজন ৬০ বছরের বৃদ্ধ মানুষকে যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও বিচার চাই।"
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)