অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ অক্টোবর সকালে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এরপর আরও শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে। অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা। এখন এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় কী প্রভাব পড়বে?
বাংলায় প্রভাব
২৬ অক্টোবর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তারপরই পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ অক্টোবর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। ২৮ থেকে ৩০ অক্টোবর ঘূর্ণিঝড়ের ফলে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে।
২৭ অক্টোবর, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সতর্কতা।
২৮ অক্টোবর, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)-র সতর্কতা। ওই তিন জেলায় ৪০-৫০ কিমি বেগে এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ।
২৯ অক্টোবর, বৃহস্পতিবার সব জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে
২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ২৮ অক্টোবর বুধবার সব জেলায় কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার সব জেলায় বেশিরভাগ জায়গায় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া।
বাংলায় প্রভাব ২৮-৩০ অক্টোবর
২৮-৩০ অক্টোবর, ঘূর্ণিঝড়রে ফলে দুর্যোগের আশঙ্কা বাংলায়। বজ্রপাত, নিচু এলাকায় সাময়িক জল জমা, ফসলের ক্ষতি, দার্জিলিং পাহাড়ে ধসের আশঙ্কা রয়েছে। ২৭ অক্টোবর থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের বেড়ানো নিয়ন্ত্রণ করা হবে। বঙ্গোপসাগরে আজ ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। যা ২৬ অক্টোবর সকালে ৭০-৮০ কিমি, এমনকি সর্বোচ্চ ৯০ কিমি পর্যন্ত হতে পারে।
মৎস্যজীবীদের সতর্কতা
মৎস্যজীবীদের ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে না যাওয়ার পরামর্শ। যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদের ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)