রান্নাঘরে জলের বালতিতে পড়ে মর্মান্তিক পরিণতি ১৪ মাসের শিশুর, বাবা-মায়ের বয়ানে বড়সড় অসংগতি
Barasat Child Death: শিশুটির বাবা বিপ্লব বারুইয়ের অভিযোগ, বাড়ির ভিতরে একাধিক মানুষ থাকা সত্ত্বেও কীভাবে কারও নজরে এল না শিশুটি, তা নিয়ে প্রশ্ন রয়েছে
মনোজ মণ্ডল: বাড়ির মধ্যেই মর্মান্তিক পরিণতি ১৪ মাসের শিশুর। রান্নাঘরে রাখা জলের বালতির মধ্যে পড়ে মৃত্যু হল শিশুটির। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের হাটখোলা এলাকায়। শিশুটির মৃত্যু ঘিরে বাবা ও মায়ের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ভিন্ন দাবি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর বাবা বিপ্লব বারুই এবং মা শ্রেয়া মণ্ডল বারাসাতের হাটখোলা এলাকার বাসিন্দা। প্রায় দেড় বছর আগে তাঁদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই দুজনের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, ঘটনার সময় শিশুটির মা মোবাইলে গেম খেলছিলেন। সেই সময় নজর এড়িয়ে বাড়ির রান্নাঘরে চলে যায় ১৪ মাসের শিশুটি। সেখানে রাখা জলের বালতির মধ্যে পড়ে যায় সে। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-পাঁচটা কেন ৫০০ এনকাউন্টার হলেও কম, এদিকে ওদিক করলেই পুলিসের গুলি আছে: দিলীপ ঘোষ
শিশুটির বাবা বিপ্লব বারুইয়ের অভিযোগ, বাড়ির ভিতরে একাধিক মানুষ থাকা সত্ত্বেও কীভাবে কারও নজরে এল না শিশুটি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, ঘটনার সময় শিশুটির মা মোবাইলে ব্যস্ত ছিলেন। অন্যদিকে, শিশুটির মা শ্রেয়া মণ্ডলের বক্তব্য, তিনি সেই সময় বাড়িতে জামাকাপড় ভাঁজ করছিলেন। সাধারণত তিনি রান্নাঘরে যান না। কখন শিশুটি সকলের নজর এড়িয়ে রান্নাঘরে চলে গিয়েছে,তা তিনি বুঝতে পারেননি।
এই ঘটনাকে কেন্দ্র করে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সময় ঠিক কী হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ময়নাতদন্তের পর শিশুটির দেহ শেষকৃত্যের জন্য বাবা ও মা দুজনের হাতেই তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)