জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রক্তক্ষরণ শেয়ার বাজারে! ফের ধস! একেবারে ল্যান্ডস্লাইড বলা চলে। হতদরিদ্র বিবর্ণ হয়ে গেল শেয়ারের দুনিয়া! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘিরে তৈরি হওয়া গুজব এবং আমেরিকায় আরও কড়া মুদ্রানীতি আসার আশঙ্কায় বিশ্ব জুড়ে শেয়ার বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। ব্যাঙ্কিং ও কমোডিটি শেয়ারগুলিতে এজন্য আজ ব্যাপক বিক্রি দেখা গিয়েছে। এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাবও দেশীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে বলে মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।
কেন ধস শেয়ার মার্কেটে?
কী কারণে শেয়ার মার্কেটে ধস? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকমাস ধরে লগ্নিকারীদের ‘প্রফিট বুকিং’ ও বিশ্ববাজারে অর্থনৈতিক ডামাডোলের কারণেই দালাল স্ট্রিটে আচমকা এই ধস বলে মনে করা হচ্ছে। গুরুতর এই অবস্থায় প্রায় সব ক'টি সেক্টরেই পতন দেখা গিয়েছে। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে, সেগুলি হল-- টাটা স্টিল, এইচডিএফসি ব্যাংক, অ্য়াক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আল্ট্রা টেক সিমেন্টের মতো সংস্থাগুলির শেয়ার বাজার পড়েছে প্রায় ৬ শতাংশ। সেই তুলনায় টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক ও মারুতি সজুকির সেনসেক্সের হাল খানিক ইতিবাচক।
দালাল স্ট্রিটে উলটপুরাণ!
গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে ৪ নভেম্বর। ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়ায় ভর করেই ভারতের বাজারেও শেয়ারে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল ৫ তারিখ। এই মাসের গোড়ার দিকে শেয়ার বাজারে কার্যত উৎসবের আমেজ দেখা গিয়েছিল। কিন্তু তারপর ক্রমশ অবস্থা বদলায়। এ মাসের শেষে দালাল স্ট্রিটে একেবারে বড় মাপের উলটপুরাণ! যা নিয়ে খুবই চিন্তিত লগ্নিকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)