৯ নভেম্বর থেকে এক ধাক্কায় কমছে ক্যানসারের ওষুধের দাম, কীভাবে জানবেন নতুন রেট?
Cancer Drug: সমর্থ লাইফ সাইন্সেস -এর 'সমটেপা' (Samtepa; Thiotepa, ১০০ মিগ্রা ইনজেকশন)-র দাম ৮০,০৭১.৮৬ টাকা থেকে কমে ৭,১৫০.৩৩ টাকা হয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দেশবাসীর জন্য বিরাট খবর। আগামী ৯ নভেম্বর থেকে দাম কমছে ক্যানসার ওষুধের। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের নতুন দাম প্রকাশ করেছে। গত ১৭ অক্টোবর দাম কমার কথা ঘোষণা করেছিল এনপিপিএ। দাম কমছে মোট ১০৮৫ ওষুধের।
NPPA বলেছে, ১৩৭ ওষুধের ট্রেড মার্জিন এমআরপি ৩০ শতাংশে বেঁধে দিয়েছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এর ফলে খুচরো দাম ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে এবং সরকারের অনুমান এতে রোগীদের বছরে ২,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে। ওই ওষুধগুলির মধ্যে রয়েছে ২০টিরও বেশি ধরণের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপি ওষুধ, স্তন ও প্রস্টেট ক্যান্সারের রোগীদের ব্যবহৃত 'ডেনোসুমাব'এবং নিউট্রোপেনিয়া প্রতিরোধের জন্য ব্যবহৃত 'পেগফিলগ্রাস্টিম'।
২০১৯ সালেও ৪২টি ওষুধের ওপর একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে ৫২৬টি ব্র্যান্ডের এমআরপি ৯০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল। ফার্মাসিউটিক্যালস বিভাগ জানিয়েছে,আগামী ৯ নভেম্বর থেকে খুচরো বিক্রেতা ও হাসপাতালগুলিকে এই সংশোধিত বা নতুন দাম অনুযায়ী বিক্রি করতে হবে।
পিটিআই-এর মতে, নতুন তালিকাতে ৩ নভেম্বর পর্যন্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির জমা দেওয়া তথ্য রয়েছে। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি নির্ধারিত তালিকার বাইরের ক্যান্সার প্রতিরোধী ওষুধগুলির নতুন দাম জমা দেওয়া মাত্রই এটি আপডেট করা হতে থাকবে। এর আগে ২৮ অক্টোবর প্রকাশিত একটি তালিকায় ৫৪৩টি ব্র্যান্ড অন্তর্ভুক্ত ছিল।
যে সব ওষুধের দাম কমছে
জাইডাস লাইফসাইন্সেস-এর 'ব্রিক্সটা Bryxta; Bevacizumab, ৪০০ এমজি ইনজেকশনের দাম ৭৬,৯২৪ টাকা থেকে কমে ১১,৮৮৪ টাকা হয়েছে।
গ্লেনমার্ক-এর 'হার্টুম্যাব' (৩০ এমজি ইনজেকশন)-এর দাম ৯৪,৯৫১ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩০,৫৯৩ টাকায়।
আরপিজি লাইফ সাইন্সেস-এর 'পালবোপ্রো' (১২৫ এমজি, ২১টি ক্যাপসুল)-র দাম ৪০,৪২১.৩৩ টাকা থেকে কমে ২,৭২০ টাকা হয়েছে।
এমকোর (Emcure)-এর 'বিআরসিএওয়ান' (Brcaone; Olaparib, ১৫০ মিগ্রা, ৬০টি ট্যাবলেট)-এর দাম ৪৬,৩৬৪.০৫ টাকা থেকে কমে ১১,৫৭৩.৬৮ টাকা
সেলোন ল্যাবরেটরিজ-এর 'সেলবিরা' (Celbira; Abiraterone, ২৫০ মিগ্রা, ১২০টি ট্যাবলেট)-র দাম ৪০,৭৬৩ টাকা থেকে কমে ৫,৭৮০.১৫ টাকা হয়েছে।
সমর্থ লাইফ সাইন্সেস -এর 'সমটেপা' (Samtepa; Thiotepa, ১০০ মিগ্রা ইনজেকশন)-র দাম ৮০,০৭১.৮৬ টাকা থেকে কমে ৭,১৫০.৩৩ টাকা হয়েছে।
রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা সরকারের 'ফার্মা সহি দাম' (Pharma Sahi Daam) মোবাইল অ্যাপ বা এনপিপিএ (NPPA)-র ওয়েবসাইটে সংশোধিত এই নতুন দামগুলি দেখে নিতে পারবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)