'২৫ বছর ধরেই তোমার সহকারী', মহারাজের কোন প্রস্তাবে কী বলেছিলেন যুবরাজ? ফের একসঙ্গে সাজঘরে জোড়া ফলা
হেড কোচের হটসিটে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাঁর সহকারী হওয়ার প্রস্তাব তিনি দিয়েছিলেন যুবরাজ সিংকে। কিংবদন্তি অলরাউন্ডার জানাচ্ছেন দিল্লিতে আসার নেপথ্যের গল্প
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর ভারতীয় ক্রিকেটে ফের দেখা যাবে 'দাদাগিরি'! দিল্লি ক্যাপিটালস হেড কোচ হিসেবে নিয়োগ করেছে দেশের সর্কালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই। শুধু মহারাজই নন দিল্লিতে যুবারাজও (সিং)। দেশের কিংবদন্তি অলরাউন্ডার হয়েছেন অক্ষর প্য়াটেলদের ব্যাটিং কোচ। সৌরভের নেতৃত্বেই যুবরাজের আন্তর্জাতিক কেরিয়ারের সূচনা এবং বিকাশ। সৌরভ যখন যুবরাজকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তখন যুবরাজ এক বুদ্ধিদীপ্ত রসিক উত্তরই দিয়েছিলেন। যুবরাজ শুধু সৌরভকে মনে করিয়ে দিয়েছিলেন যে, গত ২৫ বছর ধরেই তিনি সেই ভূমিকাই পালন করে আসছেন!
আরও পড়ুন: 'টাইগার ইজ ব্যাক', হেড কোচের হটসিটে সৌরভ, ভারতীয় ক্রিকেটে ফের 'দাদাগিরি'... কেঁপে গেল বাইশ গজ
সৌরভকে নিয়ে কী বলছেন যুবরাজ
এক সাক্ষাত্কারে যুবরাজ বলেছেন, 'দাদা আমাকে বলেছিল, তুমি কি আমার সহকারী হবে? আমি তখন বললাম, বিগত ২৫ বছর ধরেই তো আমি তোমার সহকারী হিসেবেই কাজ করছি। তাই সম্ভবত একই কাজই করব! এই দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত। এই সুযোগের জন্য আমি গত তিন-চার বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি। আমি ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি ঠিকই, তবে পুরো দলের পরিবেশের অংশ হওয়াটা হবে এক ভিন্ন অভিজ্ঞতা। আর এই নিয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। দাদার থেকে আমি সবচেয়ে ভালো যে জিনিসটি শিখেছি, তা হল দলের মধ্যে কীভাবে ভালো পরিবেশ গড়ে তুলতে হয়। দাদা যখন অধিনায়ক ছিল তখন আমার ডেবিউ হয়েছিল। তখন দাদা আমাদের সবাইকে এক সুতোয় গেঁথে রেখেছিল। আমাদের মনে এই বিশ্বাসই জাগিয়েছিল যে, আমরা দুর্দান্ত দল হয়ে উঠতে পারি এবং ভারতের বাইরেও টুর্নামেন্ট জিততে পারি। দলের নির্বাচন প্রক্রিয়া বুঝতে সাহায্য করা, আমাকে সঠিক দিকনির্দেশনা দেওয়া কিংবা একজন ভালো আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠার জন্য কী প্রয়োজন—সবক্ষেত্রেই তিনি আমার কাছে সবসময় বড় ভাইয়ের মতো হয়েই থেকেছে। ওর সঙ্গে কাজ করার, দৃষ্টিভঙ্গি বোঝার এবং নিজের ভাবনাগুলি ভাগ করে নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
আরও পড়ুন: IPL 2027: দলবদলের বিরাট খবর, ৫৩.৪৯% কম টাকায় নক্ষত্রের 'ঘর ওয়াপসি'! ৪০ লাখেই রাজি আরেক স্পিনার
আমরা আইপিএল জিততে এসেছি
২০১৫ সালে খেলোয়াড় হিসেবে দিল্লিকে (তখন নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস) প্লে-অফে তুলতে ব্যর্থ হয়েছিলেন যুবরাজ। ১১ বছর পর সেই ফ্র্যাঞ্চাইজিতে তিনি ফিরেছেন সহকারী এবং ব্যাটিং কোচ হিসেবে। যুবরাজ বলছেন আইপিএল শিরোপা জয়ই তাঁদের চূড়ান্ত লক্ষ্য। যুবরাজ বলেন, 'আমাদের আইপিএল জেতার ক্ষমতা অবশ্যই আছে, আর ঠিক সে কারণেই দাদা এবং আমি এখানে এসেছি, দলের মধ্যে সেই বিশ্বাস ফিরিয়ে আনতে। আমাদের প্রথম লক্ষ্য যোগ্যতা অর্জন করা, তবে আমরা এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। আর তা না হওয়ার কোনও কারণ দেখছি না। অতীতে এমনটা ঘটেনি মানেই এই নয় যে ভবিষ্যতেও ঘটবে না। আমরা এমন একটি দল ও উদ্দীপনা গড়ে তুলতে চাই যা লড়াই করতে, যে কোনও প্রতিপক্ষের মোকাবিলা করতে এবং যে কোনও পরিস্থিতিতে ভালো পারফর্ম করতে প্রস্তুত থাকবে।' আইপিএল শিরোপা জয়ের জন্য দিল্লির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোই লক্ষ্য হবে মহারাজ-যুবরাজের। সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে। কুলদীপ যাদব ও টি নটরাজনকে ছেড়ে দিয়ে দিল্লি ক্যাপিটালস এলএসজি থেকে ঋষভ পন্থ এবং এসআরএইচ থেকে জিশান আনসারিকে ট্রেড করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)