জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের দুই টেস্ট তারকা শস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। তবে রবিবার রঞ্জি ট্রফির শুরুতেই চরম হতাশ করলেন জয়সওয়াল-রাহুল। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির এলিট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তাঁরা যথাক্রমে ০ ও ৪ রানে আউট হন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে যশস্বী ১৩ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন। অন্যদিকে, বিজয়ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে রাহুল মাত্র ৪ রান করতেই পেরেছেন। অন্ধ্রপ্রদেশের পেসার কাভুরি সাইতেজা ও কেভি শশীকান্তের শুরুর দিকের তোপে গত মরসুমের রানার্সরা বেশ বিপাকে পড়েছিল। অন্ধ্রপ্রদেশের বোলাররা শুরুর সুযোগটি দারুণ ভাবে কাজে লাগালে কর্ণাটকের দ্রুত চার উইকেট পড়ে যায়। চতুর্থ ওভারে রাহুলের আউট হওয়ার ঘটনা তাঁর দলের বিপদ আরও বাড়িয়ে দেয় এবং দলের মিডল-অর্ডারের উপর বড় বোঝা চাপিয়ে দেয়।
রাহুলের এ কী হল!
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতের ওডিআই দলে ডাক পাওয়ার পর যশস্বী তাঁর ঘরোয়া মরসুম শুরু করলেন—যদিও ওই সিরিজের তিন ম্যাচের কোনওটিতেই তিনি খেলার সুযোগ পাননি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ভারতের হয়ে দু'টি টেস্ট খেলেছিলেন এবং তিন ইনিংসে মোট ৭৭ রান করেছিলেন। মুম্বইয়ের ওপেনিং ম্যাচের আগে এক প্রস্তুতি ম্যাচে যশস্বীরে উইকেটকিপিং করতেও দেখা গিয়েছে। মুম্বইয়ের অধিনায়ক সিদ্ধেশ লাড জানিয়েছেন যে, এই যশস্বী হয়তো ভবিষ্যতে এই ভূমিকাও পালন করতে পারেন। তবে জয়সওয়ালের প্রকৃত পরিকল্পনা সম্পর্কে তিনি নিশ্চিত নন। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাহুল রঞ্জি খেলতে নেমেছেন। ওই সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী হয় এবং রাহুল তার একমাত্র ইনিংসে ৮২ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। ওডিআই ফরম্যাটে এটি ছিল তাঁর নবম সেঞ্চুরি। ভারতের অধিনায়ক শুভমন গিল যদিও প্রথম রাউন্ডে পঞ্জাবের হয়ে খেলেননি। নিউ চণ্ডীগড়ে অসমের বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচে তিনি ছিলেন না। রঞ্জির প্রথম রাউন্ডে অংশ নেওয়া আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর এবং মানব সুতার।
ইন্ডিয়া 'এ' দলের সিরিজ ও ওডিআই সূচির মধ্যে সংঘাত
আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধে তিন ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজের জন্য ভারতের ১৫ সদস্যের দলে যে ১১ জন টেস্ট খেলোয়াড়কে রাখা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাহুল, জয়সওয়াল, ওয়াশিংটন ও দেবদূত পাড়িক্কল। সিরিজের প্রথম ম্যাচ ২৪ থেকে ২৮ অক্টোবর লিংকনে এবং দ্বিতীয় ম্যাচটি ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর ক্রায়েস্টচার্চে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচ ৭ থেকে ১০ নভেম্বর লিংকনে খেলার কথা রয়েছে। অন্যদিকে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর এবং পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ১০ নভেম্বর। সূচির এই সংঘাতের কারণে রাহুল, জয়সওয়াল ও ওয়াশিংটনকে যদি সিনিয়র দলের প্রয়োজনে ডাকা হয়, তবে ইন্ডিয়া 'এ' দলের হয়ে তাঁদের খেলার সুযোগ সীমিত হয়ে পড়তে পারে।
আরও পড়ুন:তাঁরা বাপ কা বেটা! ভারত-পাক যুদ্ধে ফের দ্রাবিড়-বীরু! ভারতীয় ক্রিকেটে আর্যবীর-অন্বয় ঝড়
অরুণাচল-নাগাল্যান্ড ম্যাচ বাতিল
অরুণাচল প্রদেশে প্রশাসনিক বিরোধের জেরে প্রতিযোগিতার শুরুর পর্ব ব্যাহত হয়েছেl এর ফলে অমদাবাদে নাগাল্যান্ডের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচটি বাতিল হয়েছে।
অরুণাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ আইনি বিবাদের কারণে রাজ্য সংস্থা বর্তমানে কার্যকর কোনও কর্তৃপক্ষের অভাবে রয়েছে, যার ফলে এই ম্যাচের জন্য অরুণাচল প্রদেশ কোনও দলই পাঠাতে পারেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)