জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঞ্জি ট্রফিতে সরফরাজ খানের সর্বশেষ স্কোর ১৫৪ (হিমাচল প্রদেশের বিরুদ্ধে)। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৬ ইনিংসে তাঁর ১৮টি সেঞ্চুরি। ব্যাটিং গড় ৭০.৬৭—যা সত্যিই বিস্ময়কর। তবুও, জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়ার ক্ষেত্রে সরফরাজ খান যেন বিবেচনার বাইরেই থেকে গিয়েছেন। অগাস্ট মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে, চোট পাওয়া সাই সুদর্শনের বদলি হিসেবে সরফরাজকে দলে ডাকা হলেও, চূড়ান্ত একাদশে তাঁর জায়গা হয়নি। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এখনও পর্যন্ত খেলা ৬টি টেস্টে তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন, যেখানে তাঁর গড় ৩৭.১০। তাসত্ত্বেও, জাতীয় দলে নিয়মিত ডাক পান না সরফরাজ। যা অবাক করেছে দেশের প্রাক্তন ওপেনার ও রঞ্জি ক্রিকেটের মহারথী ওয়াসিম জাফরকে।
সরফরাজের প্রসঙ্গে জাফর বললেন
এই মুহূর্তে রঞ্জির গুরুত্ব নিয়ে আলোচনার সূত্রপাত হয়। নিজের ইউটিউব চ্যানেলে জাফর বলেন, 'আমাদের সময়ে রঞ্জি ট্রফিই ছিল সবকিছু। তখন আইপিএল ছিল না। রঞ্জি ট্রফিতে ভালো খেললে দলীপ ট্রফিতে সুযোগ পাওয়া যেত। এরপর কোনও আন্তর্জাতিক দল সফরে এলে 'ইন্ডিয়া এ' দলে খেলার সুযোগ পেতাম। আমাদের জন্য এটাই ছিল পথ। এখন তো পরিস্থিতি বদলেছে। এখন আইপিএলই অগ্রাধিকার পায়। খেলোয়াড় এবং নির্বাচক—উভয় পক্ষই এর উপর বাড়তি নজর দেয়। আমরা দেখেছি, আইপিএলের মাধ্যমেই অনেক খেলোয়াড় জাতীয় দলে জায়গা করে নিয়েছে। রিঙ্কু সিং এবং তিলক ভার্মার কথা বলতে গেলে, ওরা তিন ফরম্যাটেই খেলার মতো খেলোয়াড়। সরফরাজ খানের ক্ষেত্রে আমার মনে হয়, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আমার মনে হয়, ওরা ওকে দলে নিতেই চাইছে না। অথচ ওর পারফরম্যান্স তো সবার চোখের সামনেই রয়েছে। রঞ্জি ট্রফিতে নিজের শেষ ম্যাচেও ও সেঞ্চুরি করেছে। এত ছোট কেরিয়ারে নামের পাশে ১৮টি প্রথম শ্রেণির সেঞ্চুরি রয়েছে। আমার মনে হয়, ওরা সরফরাজকে নিতে আগ্রহীই নয়। কারণটা আমি জানি না, তবে আমার মনে হয়, এর পিছনে পারফরম্যান্স বা ক্রিকেটীয় কারণ ছাড়া অন্য কিছু রয়েছে। আমার শুধু এটাই মনে হয় যে, সরফরাজ খান যত রানই করুক বা তার গড় যতই হোক না কেন, ওরা তাকে দলে নিতে চায় না। এছাড়া অন্য কোনো কারণ থাকার সুযোগই নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক, কিন্তু বাস্তব এটাই।' বিস্ফোরক জাফর নাম না করে নির্বাচকদেরই তোপ দাগলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)