জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হনুমানের তাণ্ডব! এই শব্দবন্ধের সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত। এবার খেলার মাঠে হনুমানের উত্পাত ভাইরাল! গত বৃহস্পতিবার ২২ অক্টোবর নাগপুরে খেলা ছিল কর্ণাটক ও বিদর্ভের। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে একটি বাঁদর ঢুকে পড়েছিল। রীতিমতো নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে। বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিল কর্ণাটকের ফিল্ডার উমা কাশভি,সে জানতও না যে, হনুমান রয়েছে ঠিক তার পিছনেই। হঠাৎ সেই হনুমান কাশভির দিকে ছুটে আসলে সে চমকে ওঠে! এরপর হনুমান কাশভিকে কিছুক্ষণ নাস্তানাবুদও করে। মাঠে অযাচিত অতিথি আসায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। হনুমানের পথ থেকে সরে যাওয়ার চেষ্টাও করে কাশভি, কিন্তু ভারসাম্য হারিয়ে ঘাসের উপর পড়ে যায় সে। আর ঠিক সেই মুহূর্তেই প্রাণীটি তার পাশ দিয়ে দৌড়ে চলে যায়। এই আকস্মিক ঘটনায় কিছুটা ভয়ের সৃষ্টি করলেও, কাশভি দ্রুতই উঠে দাঁড়ায়। এমন অস্বাভাবিক ঘটনা হাড্ডাহাড্ডি কোয়ার্টার-ফাইনাল ম্যাচে অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। খেলা ফের শুরু হলে সবার মনোযোগ আবার ম্যাচের দিকে ফিরে আসে এবং শেষ পর্যন্ত কর্ণাটক মাথা ঠান্ডা রেখে সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে ১৫ বছর কাশভির জন্য এই অভিজ্ঞতা বাদ দিলে, ম্যাচের অভিজ্ঞতা দারুণ ছিল। উদযাপনের যথেষ্ট কারণও ছিল। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কর্ণাটককে ছয় রানের জয় পেতে সাহায্য করে সে।
কাশভি ছাপ রাখল কর্ণাটকের জয়ে
কাশভি বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে, ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছে। কর্ণাটক যখন বিদর্ভের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের রান ডিফেন্ডের লড়াইয়ে ছিল, তখন কাশভির এই পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে ব্যাট করতে নেমে কর্ণাটক নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান তুলেছিল। এক পর্যায়ে তাদের ৫ উইকেট পড়ে গিয়েছিল মাত্র ৬৫ রানে। এরপর খুশি সূর্যকান্ত এবং ইঞ্চারা উমেশ ষষ্ঠ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে দলের ইনিংস সামলে নেয়। সূর্যকান্ত ৩৩ রানে অপরাজিত থাকেন এবং কার্নিকা কার্তিক ২৩ রান যোগ করেন, যা কর্ণাটককে এক সম্মানজনক স্কোরে পৌঁছতে সাহায্য করে। বিদর্ভ তাঁদের রান তাড়া করার খেলা ইতিবাচক ভাবে শুরু করলেও, কর্ণাটক নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ায় তাঁরা গতি ধরে রাখতে হিমশিম খায়। স্বরা ঠাকরে ৩২ রানে এবং সাক্ষী ভূপাল ২৫ রানে অপরাজিত থাকেন। তবে তাঁদের এই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিদর্ভ শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয়, যার ফলে কর্ণাটক ৬ রানে জয়লাভ করে। আগামী ২৪ অক্টোবর নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে সেমিফাইনালে কর্ণাটক মুখোমুখি হবে বরোদার। কর্ণাটক-বরোদা ম্যাচের পর একই মাঠে অন্য সেমিফাইনালে লড়বে দিল্লি ও হরিয়ানা।
কাশভির অপেক্ষায় ডব্লিউপিএল
কিশোরী ক্রিকেটারের পারফরম্যান্স তার কেরিয়ারে এক রোমাঞ্চকর সময়ে এসেছে। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ১০ লক্ষ টাকার বেস প্রাইজে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৭-এর নিলামের জন্য নিবন্ধিত হয়েছে। ডব্লিউপিএল নিলামে সুযোগ পাওয়া কর্ণাটকের এই ক্রিকেটারের আরও এক মাইলফলক। সে আশা করছে, ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজিগুলির নজর কাড়তে সাহায্য করবে। আপাতত কাশভির তিন উইকেট শিকার কর্ণাটককে শিরোপার আরও এক ধাপ কাছে নিয়ে এসেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)