সরকারি চাকরিতেই খেলার স্বীকৃতি! শিলিগুড়ির ৯ ক্রীড়াবিদের মুখে হাসি ফোটালেন পর্যটনমন্ত্রী, পরিবারে খুশির জোয়ার
খেলাধুলার স্বীকৃতি সরকারি চাকরি! শিলিগুড়ির ৯ ক্রীড়াবিদের হাতে নিয়োগের সুযোগ, সম্মান জানালেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ
নারায়ণ সিংহ রায়: খেলার ময়দানে সাফল্যের স্বীকৃতি হিসেবে সরকারি চাকরি পেলেন শিলিগুড়ির ৯ জন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ। শনিবার শিলিগুড়ির পিডব্লিউডি ইনস্পেকশন বাংলোতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ৭৮ জন ক্রীড়াবিদকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। সেই তালিকায় শিলিগুড়ির ৯ ক্রীড়াবিদের নাম রয়েছে। এদিন তাঁদের সম্মান জানিয়ে নতুন কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: বন-ই দেখাবে নতুন দিশা! নিজের চেনা জঙ্গলকে 'পর্যটকদের চোখে' চিনেই স্বনির্ভরতার পথে লাটাগুড়ির মহিলারা
কারা পেলেন চাকরি?
সরকারি চাকরি পাওয়া শিলিগুড়ির এই ন'জন ক্রীড়াবিদ হলেন সালমা মাঝি, পলাশ পাল, মনোজ সরকার, জ্যোতি বিশ্বকর্মা, সঞ্জিৎ মহন্ত, অনুকূল সরকার, জাহিদা খাতুন, মাম্পি সরকার এবং সঞ্চারী ঘোষ। দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন তাঁরা। তাঁদের এই সাফল্য ক্রীড়াজগতের পাশাপাশি পরিবারেও নিয়ে এসেছে খুশির পরিবেশ। সরকারি চাকরির সুযোগ পাওয়ায় ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে বলে আশা করছেন ক্রীড়াবিদরা। চাকরি পাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জ্যোতি বিশ্বকর্মা জানান, তিনি দীর্ঘদিন ধরে বেঙ্গল সাফারিতে ঘাস কাটার কাজ করছেন। পাশাপাশি খোখো খেলার সঙ্গেও বহু বছর ধরে যুক্ত রয়েছেন তিনি। খেলার সঙ্গে যুক্ত থাকলেও এতদিন সরকারি চাকরি পাননি। অবশেষে সরকারি চাকরির সুযোগ পেয়ে অত্যন্ত খুশি তিনি। অন্যদিকে, সঞ্চারী ঘোষ জানান, এই চাকরি তাঁর পরিবারের আর্থিক পরিস্থিতিতে অনেকটাই সহায়তা করবে। সংসার চালানোর ক্ষেত্রে সুবিধা হওয়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব সামলাতেও এই চাকরি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান তিনি।
কী বলছেন শংকর ঘোষ?
এদিন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, অনেক সময় খেলাধুলা ও সরকারি চাকরির মধ্যে একটিকে বেছে নিতে গিয়ে ক্রীড়াবিদরা চাকরির দিকেই বেশি গুরুত্ব দেন এবং ধীরে ধীরে খেলাধুলা থেকে দূরে সরে যান। কিন্তু খেলার সঙ্গে যুক্ত থেকেও যে সরকারি চাকরি পাওয়া সম্ভব, তার উদাহরণ এই ক্রীড়াবিদরা। তাঁর মতে, এই উদ্যোগ আরও বেশি মানুষকে খেলার সঙ্গে যুক্ত থাকতে উৎসাহিত করবে। ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে আগামী দিনে আরও অনেকে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)