একের পর এক সুযোগ নষ্ট! ISL-র প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে হেরে গেল মোহনবাগান
Mohun Bagan: অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করলেন জিতিন এমএস।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: IFA শিল্ড জেতার পরই ছন্দপতন। একের পর গোলের সুযোগ নষ্ট। বেশ কয়েকবার বল লাগল বারেও! শেষপর্যন্ত ISL-র প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরেই গেল মোহনবাগান। অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করলেন জিতিন এমএস।
আরও পড়ুন: 'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী
ISL-র শুরুতেই হোঁচট খেল IFA শিল্ড চ্যাম্পিয়নরা। চার বছর পর ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড। অথচ সারা ম্যাচে আধিপত্য ছিল সবুজ-মেরুন ফুটবলারদেরই। ডিফেন্স করে গেল নর্থইস্ট। ম্যাচের আট মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে। কর্নার থেকে লালিয়ানজুয়ালা ছাংতের ক্রসে ভলি মেরেছিলেন লি আরউইন। কিন্তু শটটি গোলপোস্টে লাগে। গোল হলেও অবশ্য লাভ হত না। কারণ, পতাকা তুলে দিয়েছিলেন লাইন্সম্যান।
এদিন প্রথম দশ মিনিট কার্যত একতরফা আক্রমণ করে দিয়েছে মোহনবাগানই। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে নর্থইস্ট। আলাদিন গোলমুখী শট বাঁচিয়ে দেন আলবের্তো রদ্রিগেজ়। কিছুক্ষণ পরে আবার পালটা আক্রমণে নর্থইস্টের বক্সের কাছে পৌঁছে যান ডার্বির নায়ক সামির জেলকোভিচ। কিন্তু গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। ৭৪ মিনিটে মোহবাগানের জালে বল ঢুকিয়ে দেন আলাদিন। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল হয়।
আরও পড়ুন: পেশায় ইঞ্জিনিয়র, সাঁতারে দেশের হয়ে জোড়া পদক চুঁচুড়ার প্রসেনজিতের
অবশেষে সংযুক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে নর্থইস্ট। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন আন্তোনিয়ো মোয়ান। বিশাল কাইথ সেভ করে দিয়েছিলেন। কিন্ত বার লেগে আসা ফিরতি বলে জালে জড়িয়ে দেন জিতিন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)