SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'হয় ছাড়ো নয় অবসর নাও'! মহারথীদের নিয়ে বিস্ফোরক নির্বাচক প্রধান, নিদানে কেঁপে গেল ভারতীয় ক্রিকেট

'হয় ছাড়ো নয় অবসর নাও'! মহারথীদের নিয়ে এবার বিস্ফোরক নির্বাচক প্রধান, যে নিদানে কেঁপে গেল ভারতীয় ক্রিকেট

Written By Subhapam Saha
Published: Oct 13, 2026, 02:00 PM IST | Updated: Oct 13, 2026, 02:12 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্দীপ পাতিল এসেছিলেন দূরদর্শনের 'দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো'-তে। দেশের প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও নির্বাচক কমিটির প্রধান জানিয়েছেন যে, সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, গৌতম গম্ভীর ও জাহির খানের মতো মহারথীরাও জাতীয় দল থেকে বাদ পড়ার কারণগুলি জানতেন। তিনি সাফ বলে দেন যে, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকেই দল নির্বাচনের সময়ে অগ্রাধিকার দিতে হয়। ১৯৮৩ সালের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন পাতিল। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পাঁচ সদস্যের সিনিয়র পুরুষ নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাতিল বলেন, 'সবার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। দল নির্বাচনের সিদ্ধান্তগুলি আমি একা নিতাম না। পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল ছিল এবং আমি ছিলাম তার চেয়ারম্যান। আমরা যেসব সিদ্ধান্তই নিয়েছি, তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখেই নিয়েছি। আজ এসব কথা বলতে খারাপ লাগছে, কিন্তু সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, যুবরাজ সিং এবং জাহির খানের মতো কিংবদন্তিদেরও দল ছাড়তে হয়েছিল বা অবসর নিতে হয়েছিল। কারণগুলি তাঁরা জানতেন। নির্বাচক হিসেবে আমাদের কাজ ছিল দেশ, বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেটের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া'...

আরও পড়ুন: আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল! NZ vs IND সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ায়

বর্তমানে মুম্বাইয়ের সিনিয়র ও বিভিন্ন বয়সভিত্তিক পুরুষ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পাতিল। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ের পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটে যে বড় রদবদল হয়েছিল, সেই সময়ে পাতিলের কমিটি দায়িত্বে ছিল। তখন বিভিন্ন ফরম্যাটে বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড় তরুণ প্রতিভাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি যা বর্তমানে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স (সিওই) নামে পরিচিত, তার প্রাক্তন প্রধানও ছিলেন পাতিল। খেলোয়াড়দের সঙ্গে নির্বাচকদের পেশাদার সম্পর্কের সীমারেখা বজায় রাখার বিষয়েও কথা বলেছেন তিনি। পাতিলের সংযোজন, 'খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু একটি নির্দিষ্ট সীমারেখা থাকাও জরুরি। আপনি এমনটা বলতে পারেন না যে, ও আমার বন্ধু, তাই ওকেই দলে নেব। যখন আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়, তখন তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করতে হয়। তখন আপনি নিজের ক্রিকেট কেরিয়ারের কথা ভাবছেন না বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবছেন। কখনও কখনও আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হয় যা হয়তো আপনার নিজের পছন্দ নয়, কিন্তু ভারতীয় দলের বৃহত্তর স্বার্থেই আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হয়।' পাতিল বুঝিয়েই দিলেন যে, জাতীয় দলের নির্বাচক প্রধানকে ঠিক কীভাবে কাজ করতে হয়!

আরও পড়ুন: 'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 
Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES