SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অপ্রত্যাশিত বিরাট ধাক্কা স্পেনে, খেলাই ছেড়ে দিলেন বিশ্বকাপজয়ী নক্ষত্র! ফাইনালে ছিল দেখার মতো গোল

ম্যান ইউনাইটেড ও চেলসির প্রাক্তন নক্ষত্র মিডফিল্ডার হুয়ান মাতা অবসরের বিরাট ঘোষণা করে দিলেন। স্পেনকে বিশ্বকাপ জেতানো খেলোয়াড়ের ট্রফিতে ঠাসা কেরিয়ারের ইতি টানলেন! তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ঘরোয়া লিগের শিরোপাও।

Written By Subhapam Saha
Published: Nov 18, 2026, 20:32 IST | Updated: Nov 18, 2026, 20:39 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন এক অবসরের অফুরান মরসুম! লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, ম্যানুয়েল নয়্যার, রিয়াদ মাহরেজ, গিয়ের্মো ওচোয়া, রোমেলু লুকাকুর মতো একের পর এক ফুটবল নক্ষত্র আন্তর্জাতিক ফুটবলকে অবসর বলেছেন খুব অল্প দিনের ব্য়বধানে। আর এবার পেশাদার ফুটবল থেকেই সন্ন্যাস নিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসির মিডফিল্ডার হুয়ান মাতা! আচমকাই বিরাট ঘোষণা ৩৮ বছরের স্প্যানিয়ার্ডের! বুধবার অর্থাত্‍ ১৮ নভেম্বর খেলোয়াড়ি জীবনেরই ইতি টানলেন তাঁর প্রজন্মের অন্যতম 'গিফটেড' মিডফিল্ডার! দেখার মতো কেরিয়ার ছিল মাতার। ক্লাব এবং দেশ, উভয় পর্যায়েই সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন তিনি। ৩৮ বছর বয়সী এই মাতার প্রায় দু'দশকরে দীর্ঘ কেরিয়ার ছিল অত্যন্ত সফল। ইউরোপের অন্যতম বড় ক্লাবগুলির হয়ে খেলেছেন মাতা এবং স্পেনের 'সোনালি প্রজন্ম' কিন্তু তাঁকে নিয়েই। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় ফিফা বিশ্বকাপজয়ী স্পেনের অংশ ছিলেন মাতা। এছাড়া ২০১২ সালে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জেতেন। যেখানে ইতালির বিরুদ্ধে ফাইনালে তিনি গোলও করেছিলেন। স্পেনের হয়ে ৪১ ম্যাচ খেলে ১০ গোল করেছেন মাতা।

আরও পড়ুন: '১৬ বছরে সব উজাড় করে দিয়েছি'... সর্বকালের গোলদাতাদের তালিকায় তিনি পাঁচে, আচমকাই অবসর নক্ষত্র স্ট্রাইকারের! চমকে গেল ফুটবলবিশ্ব!

ট্রফিতে ভরা বায়োডেটা

রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমি থেকে মাতার ফুটবল যাত্রা শুরু। এরপর ভ্যালেন্সিয়ায় নিজের ছাপ রাখেন, যেখানে তাঁর পারফরম্যান্স ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাবের নজর কাড়ে। ২০১১ সালে তিনি চেলসিতে যোগ দেন এবং দ্রুত দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হয়ে ওঠেন। স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর প্রথম মরসুম শেষ হয় ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের এক স্মরণীয় সাফল্যের মধ্য দিয়ে। চেলসিতে থাকাকালীন তিনি দলটির এফএ কাপ জয়েও ভূমিকা রাখেন। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি ম্যান ইউতে আসেন এবং সেখানে আট বছর ছিলেন। ওল্ড ট্র্যাফোর্ডে থাকাকালীন তিনি ২০১৬ সালে এফএ কাপ এবং ২০১৭ সালে ইউরোপা লিগ জেতেন। যা তাঁর অর্জনের ঝুলিকে আরও সমৃদ্ধ করে তোলে। ২০২২ সালে মাতা ম্যান ইউ ছেড়ে দেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর ফুটবল কেরিয়ার চালিয়ে যান। তিনি গালাতাসারের হয়ে তুর্কিয়ে লিগ শিরোপা জেতেন এবং পরে জাপানি ক্লাব ভিসেল কোবের হয়ে আরও একটি লিগ চ্যাম্পিয়নশিপ জেতেন।

আরও পড়ুন: ২৪ গুণ বেড়েছে কেকেআরের বাজারদর! তবুও অর্ধেক শেয়ার বেচছেন জুহিরা, মালিকানায় নতুন মুখ? ম্যানেজমেন্টে উত্তাল ঝড়!

ফুটবলের বাইরেও মাতা

মাঠের বাইরেও মাতা ছাপ রেখেছেন। দাতব্য কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান তাঁর। ২০১৭ সালে তিনি 'কমন গোল' নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা হন। এই আন্দোলনের মূল উদ্দেশ্যই হল ফুটবলারদের তাদের আয়ের এক শতাংশ সামাজিক প্রকল্প ও ফুটবলের মাধ্যমে সামাজিক পরিবর্তনের কাজে দান করতে উৎসাহিত করা। পেশাদার ফুটবলার হিসেবে তাঁর কেরিয়ারের শেষ অধ্যায় কেটেছে অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিকট্রিতে। শেষ মরসুমে ২৫ ম্যাচ খেলে পাঁচটি গোল করার পাশাপাশি ১২ অ্যাসিস্ট করার পর, গত সেপ্টেম্বর মাসে তিনি ক্লাব ছেড়ে দেন। মিডফিল্ডে নিজের কারিগরি দক্ষতা, খেলার দূরদৃষ্টি এবং সৃজনশীলতার জন্য পরিচিত মাতা এমন এক ক্যারিয়ার রেখে যাচ্ছেন, যা ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় অর্জনে সমৃদ্ধ। স্পেনের হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ! ফুটবলের প্রায় প্রতিটি পর্যায়েই এই স্প্যানিশ তারকা সাফল্যের স্বাদ পেয়েছেন। সে ক্লাব হোক আর দেশ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES