জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের সঙ্গে ভারতীয় দলের মেয়াদ ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। ২০২৪ সালের ১০ জুলাই রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলিয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সাজঘরে ঢোকেন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স পর্যন্ত গম্ভীর এক্সটেনশন পেতে পারেন বলেও মনে করেন অনেকে। কিন্তু এক সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট বলছে যে, গম্ভীর ২০২৮ সালে ফিরছেন আইপিএলে। মেন্টর বা কোচ হিসেবেই দেখা যেতে পারে জোড়া বিশ্বকাপজয়ী ওপেনারকে। গম্ভীর এর আগে দু'টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন। লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের সংসারে ছিলেন তিনি। ২০২২ ও ২০২৩, উভয় বছরেই এলএসজি-কে প্লে-অফে তুলেছিলেন গম্ভীর। এরপর ২০২৪ সালে মেন্টর হিসেবে কেকেআরে ফেরেন তিনি। শুধু ফেরেনই না, শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে তৃতীয় আইপিএল শিরোপা জেতান।
গম্ভীরকে নিতে কোন কোন আইপিএল দল আগ্রহী?
দৈনিকের প্রতিবেদনে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের নাম উঠে এসেছে। এছাড়া আরও দুটি দলের কথা উল্লেখ করা হয়েছে, যারা ২০২৮ মৌরসুমের জন্য গম্ভীরকে পেতে মরিয়া। এই দুই ফ্র্যাঞ্চাইজির একটিকে বর্ণনা করা হয়েছে 'আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল' হিসেবে, আর অন্য দলটি এখনও তাদের প্রথম শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে। প্রথম ইঙ্গিতটি সরাসরি চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সকেই নির্দেশ করে—উভয় ফ্র্যাঞ্চাইজিই সম্প্রতি নতুন হেড কোচ নিয়োগ করেছে। জাহির খানের চুক্তির মেয়াদ না বাড়লে, গম্ভীর চেন্নাইয়ে এমএস ধোনির সঙ্গে হেড কোচ অথবা মেন্টর হিসেবে যোগ দিতে পারেন। অন্যদিকে দ্বিতীয় দলটির ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস বা পঞ্জাব কিংসের যে কোনও একটি হওয়ার সম্ভাবনা প্রবল। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্বে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আর পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের দায়িত্বে যথাক্রমে রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার রয়েছেন।
আরও পড়ুন: KKR NEW CAPTAIN IPL 2027: কেকেআরেরে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া! চলে এল ভারতীয় ক্রিকেটের বিরাট ব্রেকিং আপডেট, সিলমোহর কিংবদন্তির!
আপাতত চার ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজি
১) কলকাতা নাইট রাইডার্স
২) রাজস্থান রয়্যালস
৩) নাম প্রকাশ করা হয়নি এমন এক দল (অন্যতম সফল দল) - সম্ভবত সিএসকে বা এমআই
৪) নাম প্রকাশ করা হয়নি এমন এক দল (যে দল এখনও কোনও শিরোপা জেতেনি) - সম্ভবত পিবিকেএস বা ডিসি
মোদ্দা কথা: এই চার দলের মধ্যে গম্ভীর যদি কখনও আইপিএলে ফিরে আসার কথা ভাবেন, তবে কেকেআরেই তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০২৪ সালে কেকেআরে গম্ভীরকে ফেরাতে শাহরুখ নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। বলিউড সুপারস্টারের সঙ্গে গম্ভীরের দুর্দান্ত সুসম্পর্ক। ফলে শাহরুখ কানেকশনেই গম্ভীরের ফের একবার কেকেআরে ফেরার সম্ভাবনা রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)