'হ্যালো ফিয়ান্সে...'! হাঁটু মুড়ে আংটি দিয়ে ফিল্মি কায়দায় প্রস্তাব, অর্শদীপের বান্ধবী থেকে বাগদত্তা সমরিন
নিউ জিল্যান্ডে সমরিন কৌর ও অর্শদীপ সিং চুপিচুপি বাগদান সারলেন। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদন পড়ুন। রইল আবেগি মুহূর্তের ছবি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পেসার অর্শদীপ সিং। জাতীয় দলের জোড়া বিশ্বকাপজয়ী ১৮ কোটি টাকায় পঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন। ক্রিকেট কেরিয়ারের বড় আপডেট দেওয়ার সঙ্গেই এবার ব্য়ক্তিগত জীবনেরও বড় আপডেট দিলেন। এই মুহূর্তে অর্শদীপ টিম ইন্ডিয়ার সঙ্গেই রয়েছেন নিউ জিল্য়ান্ড সফরে। তাঁর সঙ্গেই সেখানে আছেন দীর্ঘদিনের গার্লফ্রেন্ড সমরিন কৌর। আর খেলার ফাঁকেই কাজের কাজটাও করে ফেললেন অর্শদীপ। মডেল-অভিনেত্রী সমরিনকে বিয়ের প্রস্তাব দিলেন একেবারে ফিল্মি কায়দার। আর পরম সুন্দরী বান্ধবীও হাসি মুখেই সেই প্রস্তাবে হ্যাঁ বলেন।
ইনস্টাগ্রামেই ঘোষণা সমরিনের
আবেগি মুহূর্তের একাধিক ছবিই সমরিন তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবির স্লাইড সরালেই দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের পাইলট বে'র অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ফুটেছে। নীল শান্ত জলরাশি, নোঙর করে রাখা বিভিন্ন বোট এবং ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে মাউন্ট মাউঙ্গানুইয়ের চেনা ঢালু পাহাড়।অর্শদীপ হাঁটু মুড়ে বসে, সমরিনের হাতে হিরে-প্ল্যাটিনামের বক্স-সহ আংটি দিয়ে প্রপোজ করেছেন। আর যা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সমরিন। ছবিতে অর্শদীপের উচ্ছ্বাস যেমন ফুটে উঠেছে, তেমনই সমরীনের লালে রাঙা হওয়া মুখও ধরা দিয়েছে। তিনি হাতের আংটি দেখিয়ে লিখেছেন, 'জীবন আমাদের যা কিছু দিতে পারত, তার মধ্যে আমি সবচেয়ে আনন্দিত এই ভেবে যে, তা আমাদের একে অপরের সান্নিধ্য দিয়েছে। সারাটা জীবন একসঙ্গে কাটানোর প্রত্যাশায়। ১১.১১.২০২৬ (হ্যালো, ফিয়ান্সে)'...
ক্রিকেটারদের শুভেচ্ছা দু'জনকে
অর্শদীপ-সমরিনের ঘোষণার পরেই গুরনূর ব্রার ও নমান ধীর হবু দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রায়শই টার্গেট হন অর্শদীপ-সমরিন। আইপিএল হোক বা আন্তর্জাতিক সফর। সবসময়ে অর্শদীপের সঙ্গে থাকেন সমরিন। তবে তাঁর এই উপস্থিতি বহু ভক্তেরই সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায়, সমরিন সরাসরি এই টক্সিসিটির সমালোচনা করেছেন। পাশে পেয়েছেন অর্শদীপকেও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)