রাজীব চক্রবর্তী: এই বছর নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের পুজোর সঙ্গে দিল্লির গ্রেটার কৈলাস-টু-র দক্ষিণায়ন দুর্গাপুজো কমিটির একটি মিল রয়েছে। নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের পুজোর কথা দু'দিন আগেই জি ২৪ ঘণ্টা ডিজিটালের পাতায় লেখা হয়েছিল। পুজোর উদ্যোক্তাদের বড় অংশ পুরুষ থাকলেও এবার সম্পূর্ণ পুজোর পরিচালনা ও সার্বিক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সংগঠনের নারী সদস্যরা। আর দিল্লির গ্রেটার কৈলাস-টু-র দক্ষিণায়ন দুর্গাপুজো কমিটিও কিন্তু নারীশক্তির আরাধনা। পুজোর এ-টু-জেড করছেন মহিলা ব্রিগেড।
দক্ষিণায়ন দুর্গাপুজো কমিটি
এখানে নারীশক্তির উদ্যাপন শুধু কথাতেই নয়, বরং তা ভীষণ ভাবে কাজেও। কথা হচ্ছে দিল্লির গ্রেটার কৈলাস টু-র এম ব্লকের দক্ষিণায়ন দুর্গাপুজো কমিটির। তারা নজির গড়েছে। এই বছর ২৭ বছরে পা দিয়েছে এই পুজো। পুজোর আয়োজন থেকে শুরু করে দেবীর আরাধনা— সব দায়িত্বই সামলাচ্ছেন মহিলামহল।
এবার ষষ্ঠীর বোধন থেকেই পুজোর পৌরোহিত্য করছেন পশ্চিমবঙ্গের দুই মহিলা পুরোহিত। রয়েছেন বাঁকুড়ার প্রিয়াঙ্কা চক্রবর্তী এবং মেদিনীপুরের তনুশ্রী চক্রবর্তী। মহিলা পরিচালিত পুজোয় মহিলা পুরোহিতদের উপস্থিতি নারীস্বশক্তিকরণের বার্তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পুজো কমিটির কোষাধ্যক্ষও এক মহিলা। তিনি সোমা মুখোপাধ্যায়। কমিটির সদস্য অনিরুদ্ধ ঘোষও এই আয়োজনের সঙ্গে যুক্ত। ২৭ বছরের পথচলায় করোনা অতিমারির কারণে এক বছর পুজো বন্ধ রাখতে হয়েছিল।
সব মিলিয়ে দিল্লিবাসীরা যাঁরা কলকাতাকে মিস করছেন, তাঁরা এই মন্ডপে এলে কিন্তু আর কলকাতাকে মিস করবেন না। অবশ্যই পারলে একবার ঘুরে আসুন। দিল্লির বঙ্গ সমাজের কাছে এই পুজো এখন বেশ পরিচিত। ২৭ বছর কিন্তু কম নয়। পুজোর বিশেষত্ব শুধু মায়ের আরাধনাতেই নয়, বরং প্রবাসে বাঙালির মিলন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আবাসনের মানুষের একসঙ্গে এই উৎসব উদযাপনের মধুরতায়। একটা কথা বলতেই হবে শিক্ষা, ব্যবসা, রাজনীতি, খেলাধুলা ও শিল্পকলা-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের মহিলারা এখন ব্যাপক সাফল্য অর্জন করছেন। প্রতিদিনই তাঁরা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, আর সেখানে মায়ের আরাধনায় মায়েরাই। কথায় বলে প্রতি'মা'তেই মা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)