রাজীব চক্রবর্তী: দিল্লিতে কিন্তু বরাবারই দুর্গাপুজা অত্যন্ত ধুমধামের সঙ্গেই হয়। সেখানে বাঙালির শ্রেষ্ঠ শারোদত্সব ঐতিহ্য এবং উৎসাহের সঙ্গেই পালিত হয়। কলকাতার উৎসবের আমেজকেই বারবার মনে করিয়ে দেয় রাজধানী। দিল্লির প্রধান পুজো বলতে যেমন প্রথমেই কাশ্মীর গেট, সিআর পার্ক, মিন্টো রোড, সাউথ দিল্লি কালীবাড়ি, গ্র্যান্ডার কৈলাস ও এবং ময়ূর বিহারের কথা মাথায় আসে, তেমনই আবার বিভিন্ন পাড়ায় ও আবাসনেও কিন্তু বঙ্গ সংস্কৃতি ও প্রবাসীদের উদ্যোগে এই উৎসব বিশাল আকারই ধারণ করে।
কালকাজি ডিডিএ ফ্ল্যাট
বিগত তিন বছর ধরে দিল্লিতে আবাসনের পুজোয় আলাদাই নাম করে নিয়েছেন কালকাজি ডিডিএ ফ্ল্যাটের বাসিন্দারা। এমনকী পুজোর জন্য তাঁরা বানিয়েও ফেলেছেন একটি ট্রাস্ট্র। প্রবাসের পুজোর এক আলাদাই আনন্দ সেখান। এবার সেখানে থিম- 'সহজ পাঠ'। উদ্যোক্তারা নিজেরাই তৈরি করেছেন মণ্ডপ। পুজোর ক'টা দিন সেখানে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বলাই বাহুল্য রয়েছে খাওয়াদাওয়ারও এলাহি আয়োজন।পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পুজোর উদ্যোক্তা ও তাঁদের পরিবারের লোকেরাই। উদ্যোক্তাদের সুনিপুণ পরিকল্পনা ও তদারকিতে মণ্ডপ প্রাঙ্গণ থেকে শুরু করে প্যান্ডেলের প্রতিটি আয়োজন সেজে উঠেছে এক কথায় 'পরিপাটি' রূপে।

মানুষের ঢল...
আনন্দমেলায় শামিল সকলে
পুজোর বাড়তি আকর্ষণ বলতে হস্তশিল্প এবং গয়নার সম্ভার। সব মিলিয়ে সেখানে এক আনন্দমেলা। অষ্টমীতে দেখা গেল মানুষের ঢল। সন্ধেতে আরতিতেও সামিল হন দর্শনার্থীরা। সব মিলিয়ে দিল্লিবাসীরা যাঁরা কলকাতাকে মিস করছেন, তাঁরা এই মন্ডপে এলে কিন্তু আর কলকাতাকে মিস করবেন না। অবশ্যই পারলে একবার ঘুরে আসুন। দক্ষিণ দিল্লির বঙ্গ সমাজের কাছে এই পুজো এখন বেশ পরিচিত। পুজোর বিশেষত্ব শুধু মায়ের আরাধনাতেই নয়, বরং প্রবাসে বাঙালির মিলন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আবাসনের মানুষের একসঙ্গে এই উৎসব উদযাপনের মধুরতায়। দর্শনার্থীদের মতে এই পুজোর মণ্ডপ আলোকসজ্জা ও পরিবেশ দেখলে এক মুহূর্তের জন্যও মনে হয় না যে তাঁরা কলকাতার প্রবাসে রয়েছেন। সব মিলিয়ে, ঢাকের আওয়াজ, নতুন জামার সুবাস, সুস্বাদু খাবার এবং নস্ট্যালজিয়ায় সেজে কালকাজি আবারও প্রমাণ করে দিয়েছে যে—বাঙালি যেখানেই থাকুক না কেন, পুজোয় মাততে ভৌগোলিক দূরত্ব কোনও বাধা তৈরি করতে পারেনি আর পারবেও না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)