SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্পর্শেই দেবীর রূপদর্শন: দৃষ্টিহীন দর্শনার্থীদের জন্য অনন্য উদ্যোগ দিল্লির পাণ্ডারা পার্ক পুজোয়

প্রবাসের বুকে এক টুকরো বাংলা! দিল্লির পাণ্ডারা পার্কে মহাষ্টমীর আনন্দে মাতল হাজার হাজার মানুষ। বাঁশের তৈরি কুলো, হাতপাখা আর ঝুঁড়ি নিয়ে গ্রামবাংলার লোকশিল্পে সেজে উঠেছে এবারের মণ্ডপ। তবে সবথেকে বড় আকর্ষণ দৃষ্টিভঙ্গির অনন্য প্রকাশ—দৃষ্টিহীন বন্ধুদের জন্য স্পর্শ করে দেবী প্রতিমা অনুভবের বিশেষ সুযোগ।

Written By Soumita Mukherjee
Published: Oct 19, 2026, 10:44 PM IST | Updated: Oct 19, 2026, 11:14 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার মতোই জমে উঠেছে দিল্লির পুজো। প্রবাসের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দের এই মহা-মিলনমেলায় মেতে ওঠেন হাজার হাজার মানুষ। সপ্তমীতে ঢাকের বাদ্যি, ধুনুচির ধোঁয়া আর দর্শনার্থীদের ভিড়ে সরগরম ছিল পাণ্ডারা পার্ক প্রাঙ্গণ।

গ্রামবাংলার রূপ ও লোকশিল্পের ছোঁয়া

পাণ্ডারা পার্কের মণ্ডপে পা রাখলেই চোখ জুড়িয়ে যায় গ্রামবাংলার অতি চেনা এবং ঐতিহ্যবাহী নান্দনিকতায়। আয়োজকরা এবার তাঁদের পুজোমণ্ডপ সাজিয়ে তুলেছেন 'গ্রামীন মেজাজ' এবং 'বাংলার লোকশিল্প' নির্ভর ভাবনায়। মণ্ডপটি তৈরি ও নিখুঁত রূপ দিতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লেগেছে। দর্শনার্থীদের কাছে বাংলার হস্তশিল্প তুলে ধরতে তৈরি করা হয়েছে বিশেষ একটি 'সেলফি পয়েন্ট', যেখানে চিত্র সহকারে লোকশিল্পের বিবরণও ফুটিয়ে তোলা হয়েছে। উৎসবের মেজাজকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে পুজো প্রাঙ্গণে বসেছে লোকসঙ্গীতের বিশেষ ব্যান্ড, যা গান ও সুরের মূর্ছনায় মন ভরিয়ে দিচ্ছে আগত দর্শনার্থীদের।

আরও পড়ুন- সম্প্রীতির মেলবন্ধন: নিউ দ্বারকা কালীবাড়িতে ষষ্ঠ বর্ষে...

 

দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের জন্য অনন্য ভাবনা

উৎসবের আনন্দ কেবল চোখে দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়—এই উপলব্ধি থেকে পুজো কমিটি এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছে। দৃষ্টিহীন দর্শনার্থী ও ভাই-বোনদের কথা মাথায় রেখে মণ্ডপে মূল প্রতিমার পাশাপাশি একটি ছোট প্রতিমা তৈরি করা হয়েছে। দেবীর রূপ কেমন, তা হাত দিয়ে স্পর্শ করে =অনুভব করার সুযোগ পাচ্ছেন তাঁরা। কেবল প্রতিমার আকৃতি স্পর্শ করাই নয়, দেবী দুর্গার আবির্ভাব, দেবতাদের সম্মিলিত শক্তি প্রদান এবং মহিষাসুর বধ করে 'মহিষাসুরমর্দিনী' হয়ে ওঠার পৌরাণিক গল্পও অডিও ও বিশেষ বিবরণীর মাধ্যমে শোনানো হচ্ছে।

আরও পড়ুন- মণ্ডপে বাঁকুড়ার ছোঁয়া, তরুণ প্রজন্মের উন্মাদনা

মহাসপ্তমীর দিন মণ্ডপে উপচে পড়া ভিড়ই প্রমাণ করে দেয় পাণ্ডারা পার্কের পুজোর জনপ্রিয়তা। দিল্লির বহু প্রবাসী বাঙালি ছাড়াও ভারতের অন্যান্য প্রান্তের দর্শনার্থীরা এখানে এসে মুগ্ধ। অনেক প্রবীণ দর্শনার্থী শৈশবের স্মৃতির সরণিতে হেঁটেছেন, আবার অনেকেই প্রবাসের মাটিতে কলকাতার সংস্কৃতি ফিরে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। সব মিলিয়ে, দিল্লির পাণ্ডারা পার্কের এই দুর্গোৎসব শুধু প্রবাসীদের একত্রিত করার জায়গা নয়, এটি হয়ে উঠেছে শ্রদ্ধা, ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের এক অপরূপ মেলবন্ধন।


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন-- সর্বমুখিন, সর্বত্রগামী। 

ZEENEWS TRENDING STORIES