আমাকে খুনের ছক কষছে স্বামী! বিস্ফোরক অভিযোগ বিজেপি মন্ত্রীর, তোলপাড়...
Uttarakhand News: স্বামীর বিরুদ্ধে নির্যাতন, খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মন্ত্রী রেখা আর্য। সোশ্যাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়ে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি মন্ত্রীর। উত্তরাখণ্ডের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী রেখা আর্য তাঁর স্বামী গিরধারী লাল সাহুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। মন্ত্রী রেখা আর্য তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, অকথ্য গালিগালাজ এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। এখানেই শেষ নয়, তিনি তাঁর স্বামীর আগের বিয়ের কথা গোপন করা এবং একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রেখা আর্য একটি ভিডিয়ো পোস্ট করে এই অভিযোগগুলি জানান এবং তিনি কান্নায় ভেঙে পড়েন। সেই পোস্টের কয়েক ঘণ্টা পরই তাঁকে দেরাদুনের কৃষ্ণ মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে।
রেখা আর্যর আরও অভিযোগ, সরকারি বাসভবনে কর্মচারীদের সামনে তাঁকে অকথ্য ভাষায় জাতিবিদ্বেষ গালিগালাজ করেছেন গিরধারী। তাঁর অভিযোগ, কয়েকটি কোম্পানিতে তাঁকে পরিচালকের পদ থেকে অপসারিত দেখানোয় সাহু তাঁর স্বাক্ষর জাল করেছেন। দেরাদুনের ক্যান্টনমেন্ট থানায় রেখা তাঁর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। রেখা দুটি অডিয়ো পোস্ট করেন। সেই অডিয়োতে গিরধারীকে এক মহিলার সঙ্গে স্ত্রীকে খুনের ষড়যন্ত্রের কথা বলতে শোনা যায়। নিজের ও নাবালক সন্তানদের প্রাণের আশঙ্কায় বাধ্য হয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন।
আলমোড়ার সোমেশ্বর কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং পুষ্কর সিংহ ধামি মন্ত্রিসভার সদস্য রেখা আর্য। মন্ত্রী জানান, তিনি উত্তরাখণ্ডের তফশিলি জাতিভুক্ত। তাঁর স্বামী গিরধারী লাল সাহু ওরফে পাপ্পু গিরধারী উত্তরপ্রদেশের বরেলীর যোগী নওয়াদার বাসিন্দা। তিনি তফশিলি সম্প্রদায়ের নন। ২০০৪ সালের ৬ জুলাই হিন্দু রীতি মেনে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের সময় গিরধারী দাবি করেছিলেন তিনি অবিবাহিত। কিন্তু কয়েক বছর পর রেখা জানতে পারেন তাঁর স্বামী আগেই বিবাহিত ছিলেন এবং তাঁর সন্তানও রয়েছে। কিন্তু নিজের সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের পরামর্শে তখন তিনি চুপ ছিলেন।
রেখার অভিযোগ, সম্প্রতি গিরধারীর আচরণে ব্যাপক বদল আসে। শুধু তাই নয়, গিরধারীর সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের কথাও তিনি জানতে পারেন। ধরা পড়ার পর গিরধারী লিখিত এবং মৌখিক ক্ষমা চান। কিন্তু ক্ষমা চাওয়ার পরই তিনি অদ্ভূত ব্যবহার শুরু করেন। রেখা প্রতিবাদ করতেই তাঁর উপর শারীরিক নির্যাতন, গালিগালাজ এবং খুনের হুমকি শুরু হয়।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকদলকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস মুখপাত্র গরিমা মেহরা দাসৌনি তোপ দাগেন। তাঁর প্রশ্ন, রাজ্যের একজন পূর্ণমন্ত্রী যদি স্বামীর কাছে নিজের প্রাণ সংশয়ে ভোগেন, তবে সাধারণ মহিলাদের কী অবস্থা? তিনি অবিলম্বে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির হস্তক্ষেপ, মন্ত্রীর পূর্ণ নিরাপত্তা এবং অডিয়ো ক্লিপটির ফরেনসিক পরীক্ষার দাবি জানিয়েছেন। আগামী বছরের শেষের দিকে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে মন্ত্রীর এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)