জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সনিয়া গান্ধীর বই প্রকাশের সময় রাহুল বাবা-মায়ের সম্পর্ক নিয়ে ছেলেবেলার স্মৃতি শেয়ার করেন। সেই মন্তব্য থেকেই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়। রাহুল গান্ধী বলেন, ছোটবেলায় খাওয়ার সময় মা সনিয়া গান্ধী বাবার কোলে বসতেন। সেই কথা ঘিরে বিজেপি নেতারা কটাক্ষ করেন। তার জবাবে শিব‑পার্বতীর ছবি পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা।
কী বলেছিলেন রাহুল?
সোমবার দিল্লিতে সনিয়া গান্ধীর স্মৃতিকথা Belonging: A Journey of Love প্রকাশের অনুষ্ঠানে রাহুল বাবা‑মায়ের সম্পর্ক নিয়ে কথা বলেন। ছেলেবেলার স্মৃতি মনে করে রাহুল বলেন, খাবারের সময় বাবা রাজীব গান্ধী বসতেন এবং মা সনিয়া গান্ধী তাঁর কোলে বসতেন। ছোটবেলায় এই বিষয়টিকে স্বাভাবিক মনে হত। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে দেখা যেত, তাদের বাবা‑মায়ের মধ্যে এমন দৃশ্য দেখা যায় না। তখনই রাহুলের মনে প্রশ্ন উত্থাপিত হয়। রাহুলের স্মৃতিচারণের ভিডিয়ো প্রকাশের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। বিজেপির অনেক নেতা রাহুলের মন্তব্য নিয়ে কটাক্ষ করেন।
কী বললেন হিমন্ত বিশ্বশর্মা?
এই প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুলকে নিশানা করেন। সনিয়া গান্ধীকে উদ্দেশ করে রাহুলের বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “দুঃখিত ম্যাডাম, আপনার জীবনের এমন বিশেষ দিনেও আপনার ছেলে আপনাকে এই অস্বস্তির হাত থেকে রেহাই দিল না।”
শিব‑পার্বতীর ছবি পোস্ট করে পাল্টা জবাব
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী শিব‑পার্বতীর একটি ছবি পোস্ট করেন। ছবিটি কর্নাটকের হালেবিডুর হয়সলেশ্বর মন্দিরের ভাস্কর্য বলে জানা গিয়েছে। ছবিতে নন্দীর উপর শিব ও পার্বতীকে দেখা যাচ্ছে। রাহুল লিখেছেন,প্রেমের আনন্দ ও সৌন্দর্য কী বস্তু তা বিজেপি'কে শেখানো হিন্দু হিসেবে আমার কর্তব্য; ভয় রাগ ও ঘৃণা থেকে মুক্ত হোক ওঁরা। একজন প্রকৃত হিন্দু হিসেবে রাহুল বলেন, সেই জাল থেকে মুক্ত করার দায়িত্ব নিজের। পোস্টের শেষে রাহুল লিখেছেন, ‘সত্যম শিবম সুন্দরম’।
রাহুলের এই পোস্টের পরেও বিতর্ক থামেনি। হিমন্ত বিশ্বশর্মা পাল্টা মন্তব্যে বলেন, কোনও মানুষকেই, গান্ধী পরিবারের কাউকেও, ঈশ্বরের সঙ্গে তুলনা করা যায় না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)