আরব সাগরে রুদ্ধদ্বার অপারেশন, অপহৃত ইরানি বোটের ২০ ক্রুকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা
Indian Navy: নৌবাহিনী জলদস্যুদের কবলে থাকা নৌকাটিকে ট্র্যাক করে। নিখুঁত অপারেশনে নাবিকদের মুক্ত করে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরব সাগরে জলদস্যুরা হানা দিয়েছিল ইরানি বোট 'আজিনি'-তে। জরুরি পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্য় চাইতেই ওই বোটের কাছে ছুটে যায় ভারতীয় নৌসেনা ও বায়ুসেনা। উদ্ধার করা হয় ওই বোটে থাকা ২০ ইরানি ক্রুকে। ওই ঘটনায় অত্যন্ত খুশি ইরান। ভারতীয় দুতাবাসে বার্তা পাঠিয়ে ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানাল ইরান সরকার।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইরানি দূতাবাস জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীকে মাছ ধরার নৌকা 'আজিনি'-র ২০ জন ইরানি নাবিককে জলদস্যুদের হাত থেকে সফলভাবে উদ্ধার করার এই অসাধারণ অভিযানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ওই বার্তায় আরও বলা হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসের প্রশংসা করছি। ভারত সরকারের মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ-এর প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতি সাধুবাদ জানাই। ওই ঘটনায় ইরান ও ভারতের মধ্যকার বন্ধুত্ব, সংহতির মনোভাব ফুটিয়ে তুলেছে।ইরানি নাবিকদের নিরাপদ উদ্ধার করার সঙ্গে জড়িত সকলের প্রতি আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন-ছেলের পা ধরে মন্দিরের সামনে ৩ বার আছাড় মারল বাবা, নিথর দেহের পাশেই ঘুমিয়ে পড়ল পাষণ্ড
গত ২ নভেম্বর ওই অপারেশনটি করা হয়। ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের কবলে থাকা নৌকাটিকে ট্র্যাক করে। নিখুঁত অপারেশনে সশস্ত্র জলদস্যুদের হাত থেকে নাবিকদের নিরাপদ মুক্ত করে।
ওই অপারেশন নিয়ে রাজনাথ সিং এক্স-এ পোস্ট করে বলেন, ২ নভেম্বর ২০২৬-এ আরব সাগরে মুম্বাই থেকে ৩০০০ কিলোমিটারেরও বেশি দূরে জলদস্যুদের কবলে পড়া মাছ ধরার নৌকা ‘আজিনি’-র ২০ জন নাবিককেই উদ্ধার করে নৌসেনা। ৪৮ ঘণ্টার একটি অভিযান সফলভাবে পরিচালনার উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনীকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)