জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও হড়পা বানের ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ নেপাল। বিপর্যস্ত সেই এলাকাগুলির পুনর্গঠন ও উন্নয়নে এবার নেপালকে বিপুল আর্থিক সহায়তার ঘোষণা করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতীয় মুদ্রায় ১৫ হাজার কোটি টাকা (নেপালি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকা) মূল্যের একটি উন্নয়নমূলক সহযোগিতা প্যাকেজ দেওয়া হবে নেপালকে। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মোদী। একইসঙ্গে নেপালের উন্নয়ন এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বালেন্দ্র শাহর দূরদৃষ্টির ভূয়সী প্রশংসাও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে।
যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই আমরা তাঁর দূরদৃষ্টি ও সুদূরপ্রসারী চিন্তাভাবনার স্পষ্ট পরিচয় পেয়েছিলাম। গত কয়েক ঘণ্টার আলোচনায় আমি নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তাঁর সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার লক্ষ্য করেছি।”
#WATCH | Delhi | In a joint press statement with Nepali PM Balendra Shah, PM Narendra Modi says, "We extend our deepest condolences for the lives lost during the recent flash floods in Nepal. India announces a 24,000 crore Nepali rupees development package for Nepal." https://t.co/GndAAhyGpi
— ANI (@ANI) November 23, 2026
ভারত-নেপাল সম্পর্কের গভীরতা তুলে ধরে মোদী জানান যে, দুই দেশ কেবল ভৌগোলিক প্রতিবেশীই নয়, বরং বিশ্বাস ও বন্ধুত্বের দৃঢ় বন্ধনে আবদ্ধ। তাঁর কথায়, “আমাদের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জগুলি একই রকম এবং কঠিন সময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সাহায্য করার জন্য আমরা ২৪,০০০ কোটি (নেপালি মুদ্রার মূল্যে) একটি উন্নয়নমূলক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।”
প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, ভারতের এই আর্থিক সহায়তা মূলত পরিকাঠামোগত পুনরুদ্ধার, জনবসতি পুনর্নির্মাণ এবং সাম্প্রতিক বিপর্যয়ে ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষদের সহায়তায় ব্যয় করা হবে। উল্লেখ্য, গত ২৬ অগাস্ট নেপালে ভয়াবহ হড়পাবানে ১,৫০০ মানুষের মৃত্যু হয় এবং ৫,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বিপর্যয়ের সেই দুঃসময়েও সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রশংসা করেছেন নেপালের প্রধানমন্ত্রী।
নয়াদিল্লিতে দুই রাষ্ট্রনেতার এই বৈঠক এবং আর্থিক সহায়তার ঘোষণা ভারত-নেপাল কূটনৈতিক ও মানবিক সম্পর্কের ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন কূটনৈতিক মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)