WATCH: ১৯০০০০ কেজির 'আকাশদানব' নামল লাদাখে ! ১৩৬২৯ ফুটে ভারতীয় বায়ুসেনার বিশ্বরেকর্ড, যে ইতিহাস আর কেউ লেখেনি!
World's Highest-Ever Landing: পূর্ব লাদাখের নিওমা বিমানঘাঁটিতে ১৩৬২৯ ফুট উচ্চতায় অবতরণ করল ভারতীয় বিমান বাহিনীর আইএল-৭৬ ভারী পরিবহণ বিমান। বায়ুসেনা ইতিহাস লিখে করল বিশ্বরেকর্ড
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার মুকুটে নতুন পালক। রাশিয়ার তৈরি আইএল-৭৬ এমডি ভারী পরিবহণ বিমান (প্রায় ১৯ হাজার কেজির হেভি-লিফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট) পূর্ব লাদাখের নিওমা বিমানঘাঁটিতে অবতরণ করে রেকর্ড করল। বিশ্বের সর্বোচ্চ এই সামরিক বিমানঘাঁটি ১৩৬২৯ ফুট উচ্চতায় অবস্থিত। বায়ুসেনার মতে, এই অবতরণেই লেখা হয়েছে ইতিহাস। কারণ বিশ্বের যে কোনও প্রান্তে এই ধরনের বিমানের জন্য এটিই সর্বোচ্চ উচ্চতায় অবতরণের ঘটনা। এই বিমানঘাঁটি চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
আইএএফ ভিডিয়ো পোস্ট করেছে
এক্স হ্য়ান্ডেলে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, 'ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল-৭৬এমডি বিমান নিওমাতে সফল অবতরণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিশ্বজুড়ে এই ধরনের বিমানের জন্য সর্বোচ্চ উচ্চতায় অবতরণের রেকর্ড। বিমানটির দীর্ঘস্থায়ী সক্ষমতার এক অসাধারণ নিদর্শন এটি, যা সম্ভব হয়েছে এর ক্রু সদস্যদের অনন্য দক্ষতা, নিখুঁত কার্যপদ্ধতি এবং পেশাদারিত্বের কারণে। এই মাইলফলক ভারতের কৌশলগত আকাশপথে পরিবহণ সক্ষমতাকে আরও সুদৃঢ় করল। সীমানা ছাড়িয়ে যাওয়া। সীমাবদ্ধতাকে নতুন করে সংজ্ঞায়িত করা। ইতিহাস গড়া।' বায়ুসেনা ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছে এই অবতরণের।
নিওমা বিমানঘাঁটি এবং এর কৌশলগত গুরুত্ব
নিওমা বিমানঘাঁটি কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ১৩৬২৯ ফুট উচ্চতায় অবস্থিত। গত বছরের নভেম্বর মাসে এটি কার্যকর হয়। এই ঘাঁটিতে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং পরিবহণ বিমান ওঠানামা করতে পারে। লাদাখে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিগুলির মধ্যে নিওমা চতুর্থ। বাকি তিনটি ঘাঁটি লেহ, কার্গিল এবং থোয়াইসে অবস্থিত। কেন্দ্রীয় সরকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর বিভিন্ন এয়ারফিল্ড এবং অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের (এএলজি) পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিচ্ছে। এছাড়া, লাদাখ অঞ্চলের দৌলত বেগ ওল্ডি অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের (এএলজি) পরিকাঠামোও জোরদার করা হচ্ছে। এটি এলএসির খুব কাছে ১৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং বিশ্বের সর্বোচ্চ এয়ারফিল্ড হিসেবেও পরিচিত।
আইএল-৭৬এমডি বিমানের বৈশিষ্ট্য়
• ধরন: বহুমুখী কৌশলগত/কৌশলগত-পরিচালনাসংক্রান্ত (strategic/tactical) এয়ারলিফটার (পরিবহন বিমান)
• সর্বোচ্চ উড্ডয়ন ওজন: কংক্রিটের রানওয়ে থেকে পরিচালনার ক্ষেত্রে ১৯০০০০ কেজি বা ১৯০ টন (মূল মডেলগুলিতে এটি ছিল ১৭০ টন)
• সর্বোচ্চ পেলোড (বহনক্ষমতা): প্রায় ৪৫ থেকে ৪৮ টন
• ইঞ্জিন: চারটি সলোভিয়েভ ডি-৩০কেপিসিরিজ ২ টার্বোজেট/টার্বোফ্যান ইঞ্জিন (প্রতিটির থ্রাস্ট প্রায় ১২,০০০ কেজিএফ বা ১১৭ কিলোনিউটন), যা থ্রাস্ট রিভার্সার সুবিধাসম্পন্ন
• কার্গো হোল্ডের (পণ্য রাখার স্থান) পরিমাপ: দৈর্ঘ্য প্রায় ১৮–২০ মিটার, প্রস্থ প্রায় ৩.৪ মিটার, উচ্চতা প্রায় ৩.২৫–৩.৪ মিটার (আয়তন: প্রায় ১৮০ ঘনমিটার)
• পাল্লা (রেঞ্জ): ৪০ টন পেলোডসহ প্রায় ৫০০০ কিলোমিটার (পণ্য ছাড়া ফেরি রেঞ্জ বা সর্বোচ্চ উড্ডয়ন দূরত্ব প্রায় ১০০০০ কিলোমিটার পর্যন্ত)
• ল্যান্ডিং গিয়ার: ২০-চাকার বগি সিস্টেম, যা কাঁচা, শক্ত মাটি বা অসমতল রানওয়েতে অবতরণের উপযোগী করে তৈরি
ভারী সামরিক সরঞ্জাম, সৈন্য এবং রসদ প্রত্যন্ত, অনুন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন অথবা কাঁচা বা ছোট রানওয়েযুক্ত এলাকায় পরিবহণের জন্য তৈরি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)