রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের
সোমবার সূর্য কমলা এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলে যাত্রী পরিবহন শুরু হবে ২৮ নভেম্বর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যা থেকে ট্রেনে চেপে নেপালের জনকপুর। ভারত-নেপাল ট্রেনের উদ্বোধন করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে মাত্র ১৯ ঘণ্টায় 'সূর্য কমলা' এক্সপ্রেসে চড়ে পৌঁছে যাওয়া যাবে জনকপুর ধামে। মোট দূরত্ব ৬০৪ কিলোমিটার।
ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আর এই সফরেই নেপালকে ১৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ভারত। পাশাপাশি উদ্বোধন করা হল ভারত-নেপাল ট্রেন লাইনের। সোমবার সূর্য কমলা এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলে যাত্রী পরিবহন শুরু হবে ২৮ নভেম্বর। সপ্তাহে একবার দুই দিক থেকে ওই ট্রেন চলবে।
অযোধ্যা-জনকপুর ধাম
ট্রেন নম্বর-15596
ছাড়বে-প্রতি সোমবার
অযোধ্যা ক্যান্টনমেন্টে ছাড়ার সময়- প্রতি সোমবার বিকেল ৫.৫০
জনকপুর ধামে পৌঁছবে-মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিটে(নেপালের সময়)
জনকপুর ধাম-অযোধ্যা
ট্রেন নম্বর-15595
জনকপুর থাম থেকে ছাড়বে বেলা ১টা ১০ মিনিটে(নেপালের সময়)
অযোধ্যা ধামে পৌঁছবে সকাল ৮টা ১০ মিনিটে
ট্রেনটি থামবে মোট ১০টি স্টেশনে। এগুলি হল-অযোধ্যা ধাম, মানকাপুর, বস্তি, গোরক্ষপুর, নারকাটিগঞ্জ, রক্সৌল, সীতামারি, শিসহো, মধুবনি, জয়নগর ও জনকপুর ধাম।
নেপালের তরাই সমভূমির মধেশ প্রদেশে জনকপুর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। প্রাচীন মিথিলা রাজ্যের সঙ্গে এই শহরের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। মনে করা হয় ওই রাজ্যের রাজা ছিলেন সীতার পিতা জনক। পিতার নামানুসারে সীতা 'জানকী' নামেও পরিচিত। এই শহরেই রয়েছে জানকী মন্দির। নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, ১৮৭৪ সালে নির্মিত তিনতলা এই স্থাপত্যটি মুঘল এবং স্থানীয় নির্মাণশৈলীর এক অনন্য সংমিশ্রণ। এটি নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)