অয়ন ঘোষাল: ট্রাম্পের মুখে সমঝোতার বুলি, তারপরই ইরানের কেশম দ্বীপে হামলা আমেরিকার! মধ্যপ্রাচ্যে কি ফের জোরালো হবে যুদ্ধের দামামা? আকাশে আশঙ্কার কালো মেঘ। বাতাসে বারুদের পোড়া গন্ধ!
আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ফের বাড়তে চলেছে। ভারতীয় সময় সোমবার গভীর রাতে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। অথচ এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এখনও সম্ভব। কিন্তু ফের মার্কিন হামলায় প্রশ্ন উঠে পড়ল, তাহলে কি মধ্যপ্রাচ্যে ফের জোরালো হবে যুদ্ধের দামামা?
গত কয়েকদিনে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন ধারাবাহিক অথচ সীমিত সামরিক হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে হামলাও তারই অংশ বলে দাবি ওয়াকিবহাল মহলের। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর একটি মার্কিন বিমানের ওপর গুলি চালানোর পরই পালটা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
ট্রাম্প এর আগে নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ লিখেছিলেন, ‘তেলের দাম হু হু করে কমতে শুরু করেছে। ব্যারেলপিছু ১০ ডলার, এটা একটা রেকর্ড। কেননা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে ইরানের সঙ্গে আর যুদ্ধ হবে না। ইরান একটা সমঝোতা চায়, যত দ্রুত সম্ভব। আর সেটা হতেই পারে।’
ট্রাম্পের এহেন পোস্টের পরে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, তাহলে হয়তো এবার সত্যিই যুদ্ধ থামতে পারে। কিন্তু কেশম দ্বীপের হামলা ফের উদ্বেগ বাড়িয়ে তুলল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)