SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফের ভারতের উপর শুল্কের খাঁড়া ট্রাম্প প্রশাসনের! ২৫% পর্যন্ত শুল্কের প্রস্তাব

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাণিজ্য চুক্তি হলে শুল্ক কমে ১৭% হতে পারে।

Written By Debasmita Das
Published: Nov 26, 2026, 11:44 IST | Updated: Nov 26, 2026, 12:09 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উপর ফের শুল্কের চাপ বাড়াতে পারে আমেরিকা। ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত সক্ষমতা এবং বাণিজ্য নীতি নিয়ে প্রশ্ন তুলে এই পদক্ষেপের প্রস্তাব এনেছে USTR। বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। তবে আমেরিকার অভিযোগ মানতে নারাজ নয়াদিল্লি। ভারতের দাবি, দেশের কোনও ক্ষেত্রেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। 

কেন এই শুল্কের প্রস্তাব?

আমেরিকার অভিযোগ, ভারত-সহ কয়েকটি দেশ প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে। পাশাপাশি, নিজেদের বাজারে বিদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে নানা বাধা তৈরি করছে। এর ফলে আমেরিকার ব্যবসা ও উৎপাদন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। এই অভিযোগ খতিয়ে দেখতে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের Section 301-এর আওতায় তদন্ত শুরু হয়েছিল। প্রায় আট মাসের তদন্তের পর ভারত-সহ ১৪টি অর্থনীতির উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব সামনে এনেছে USTR। ভারতের পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের কথা বলা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এই শুল্কের আওতার বাইরে থাকতে পারে।

আরও পড়ুন, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুপুরী হাইওয়ে! উলটে যাওয়া ট্যাঙ্কারের আগুনে ঝলসে মৃত অন্তত ৩১

কেন্দ্রের বক্তব্য কী?

আমেরিকার এই প্রস্তাবের পর কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, USTR-এর পাঠানো নোটিস খতিয়ে দেখা হচ্ছে। ভারতের বক্তব্য, তদন্ত চলাকালীনও আমেরিকাকে জানানো হয়েছিল, দেশের কোনও ক্ষেত্রেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। ভারত আরও জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। বাণিজ্য সংক্রান্ত যে কোনও মতপার্থক্য সেই আলোচনার মাধ্যমেই মেটানো উচিত। দ্রুত চুক্তি চূড়ান্ত করার জন্য আমেরিকার সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি।

চুক্তি হলে শুল্ক কমতে পারে?

এই প্রস্তাবে একটি শর্তও রেখেছে আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে ভারতীয় পণ্যের উপর প্রস্তাবিত শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হতে পারে। অর্থাৎ, বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার উপর শুল্কের পরিমাণ অনেকটাই নির্ভর করছে।

কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে?

আমেরিকার রিপোর্টে ভারতের ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT পণ্যের মতো কয়েকটি ক্ষেত্রের উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রগুলিতে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। ফলে নতুন শুল্ক কার্যকর হলে ভারতীয় রফতানিকারীদের উপর তার প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন, হিট লিস্টে ভারত, নিশানায় চিন-সহ আরও ১৫ দেশ! শুল্ক চাপানোর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের? 

তবে এখনই নতুন শুল্ক কার্যকর হচ্ছে না। প্রস্তাবটি নিয়ে সাধারণ মানুষের ও সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত চেয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর। আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার সময়সীমা রাখা হয়েছে। ২৫ জানুয়ারি প্রস্তাব নিয়ে শুনানির কথা রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES