জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষ ঘটল সেই বহুপ্রতীক্ষিত বৈঠক! তৈরি হয়ে গেল ইতিহাস! চিনে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৃহস্পতিবারের বৈঠককে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। অন্য দিকে, এই বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আজ, বৃহস্পতিবার তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হল। এই প্রথম বিশ্বের এই তিন দেশের নেতা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বৈঠকে। কী আলোচনা হল?
ট্রাম্প-পুতিন-জিনপিং
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করলেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। বৈঠকে সভাপতিত্ব করেন জিনপিং। বৈঠক শুরু হলে তিন জন পৃথক ভাবে ভাষণ দেন। ট্রাম্প সেখানে বলেন, আমরা সত্যিই একটা ইতিহাস তৈরি করছি। আমাদের তিন জনের অনেক কিছু আলোচনা করার আছে। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনও শান্তি প্রতিষ্ঠা করা যায়নি, যাবেও না। ১ ঘণ্টা ২০ মিনিটের এই বৈঠকে কী কী আলোচনা হল? ত্রিপাক্ষিক এই বৈঠকে বিশ্ব শান্তি, আঞ্চলিক সংঘর্ষ দমন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পরমাণু অস্ত্র মুক্ত এক পৃথিবী গড়ার ডাক দিয়েছেন জিনপিং। তবে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, সেটা নাকি সম্ভব নয়!
বড় শক্তির সম্প্রীতি
তিন রাষ্ট্রের বৈঠকে আঞ্চলিক শান্তি এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও ওঠে বৈঠকে। পুতিনের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক সংঘাতগুলির নিষ্পত্তির ক্ষেত্রে এই তিন রাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে। তার মধ্যে ইউক্রেনের সংঘাতও অন্যতম। জিনপিং অবশ্য ইউক্রেনের প্রসঙ্গে ঢোকেননি। তিনি বৈঠকে বলেন, ইতিহাস বলছে, যখন বিশ্বের বড় শক্তিগুলির মধ্যে সম্প্রীতি বজায় থাকে, তখন পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করে। বড় শক্তিগুলির মধ্যে সংঘাত তৈরি হলে গোটা বিশ্বেই তৈরি হয় অস্থির পরিস্থিতি।
পরমাণু অস্ত্র
এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা। পরমাণু অস্ত্র সম্পূর্ণ ধ্বংস ও নিষ্ক্রিয় করে দেওয়ার প্রস্তাব দেন স্বয়ং জি জিনপিং। বৈঠকে তিনি বলেন, পরমাণু অস্ত্র মানবজাতির মাথার উপরে খাঁড়ার মতো ঝুলে আছে। তা নিষিদ্ধ করা উচিত এবং এসব সম্পূর্ণ ধ্বংস করে ফেলা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত পরমাণু অস্ত্রমুক্ত এক পৃথিবী গড়ে তোলা। পরমাণুযুদ্ধ কখনও জেতা যায় না, মনে করিয়ে দেন চিনের প্রেসিডেন্ট। তবে জিনপিংঙের এই ডাকে কে কতটা সাড়া দেবে, তা স্পষ্ট নয়। পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার জিনপিংয়ের এই ডাকে তো ট্রাম্প পরিষ্কার বলেই দিয়েছেন, পরমাণু অস্ত্র একবার যদি তোমার হাতে চলে আসে, সেটা আর সঙ্গে না-রাখা কঠিন। এ ভাবেই জীবন চলে।
শান্তিতে একমত
তবে, পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কথা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশের তিন নেতাই ঘোষণা করেন, পারমাণবিক যুদ্ধে ‘জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়’। ‘শান্তির পথে ঘোষণা’ শীর্ষক এক যৌথ বিবৃতিতে চিনের প্রেসিডেন্ট জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপে যুক্ত হতে সম্মত হন।
আদালতের বিরুদ্ধে
এই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) তুলোধোনা করেন ট্রাম্প। তিনি জানান, ওই আদালতের বিরুদ্ধে এবার আমেরিকা, চিন এবং রাশিয়ার একজোট হওয়া দরকার। এই আদালত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং দিন দিন এক্তিয়ারের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানান ট্রাম্প।
আন্তর্জাতিক অপরাধ আদালত
যুদ্ধাপরাধ, মানবতার বিরোধী অপরাধ এবং গণহত্যার বিচারের জন্য ২০০২ সালে এই আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। আমেরিকা, চিন বা রাশিয়া এর সদস্য নয়। দীর্ঘদিন ধরেই সংস্থাটির আচরণে ট্রাম্প ক্ষুব্ধ। এমনকি, গত মাসে ট্রাম্প প্রশাসন এই আদালতের উপর নিষেধাজ্ঞাও জারি করে। আইসিসি-র বিচারকেরা ২০২৩ সালে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ইউক্রেনে যুদ্ধ এবং শিশুদের অবৈধ ভাবে নির্বাসিত করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। যদিও যা বার বার অস্বীকার করেছে রাশিয়া। ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আফগানিস্তানে আমেরিকার কার্যকলাপ নিয়েও তদন্তে নেমেছে এই আদালত। যা নিয়ে আবার ওয়াশিংটনের ঘোর অসন্তোষ।
চাপে ছিলেন ট্রাম্প?
কিন্তু তিনজনের মুখোমুখি বসার আগেই বোমা ফেলে চিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগেই বাণিজ্যে সুরক্ষাবাদী নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করলেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। অন্য দিকে পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার অর্থ, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই এই দুই মহা শক্তিধর নেতার অবস্থান মোটামুটি কাছাকাছি। তবে কি চাপে পড়লেন ডোনাল্ড ট্রাম্প?
কাছাকাছি জিনপিং-পুতিন?
আজ, বুধবার চিনের দক্ষিণের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন তথা 'এপেক' সম্মেলনে জি জিনপিং ও ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন। এর আগে আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক করতে ফিলিপাইনের ম্যানিলায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে তাঁর চিনে পৌঁছনোর কথা। কিন্তু পৌঁছনোর আগেই কি তিনি একটু ব্য়াকফুটে চলে গেলেন?
বৈঠকের সাফল্য
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের এই বৈঠক থেকে কোনও বিষয়ে বড় কোনও সমঝোতাসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা কম। ইউক্রেন, ইরান, পরমাণু অস্ত্র কিংবা আন্তর্জাতিক বাণিজ্য-- সবটা নিয়েই সব পক্ষের মধ্যে বিস্তর মতপার্থক্য। তবে এ কথা ঠিক, মতভেদ থাকলেও এই তিন বড় শক্তি একত্রিত হয়ে বিশ্বমঞ্চে সম্প্রীতির যে বার্তা দিল, তা গুরুত্বপূর্ণ। তার তাৎপর্য কম নয়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)