জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিশ্বাস্য একটা বৈঠক! স্বপ্নের বৈঠকও বলা যেতে পারে একে! মুখোমুখি বসছেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের সর্বময় নেতারা। মানে, এক টেবিলে আলোচনায় বসতে চলেছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভল্দামির পুতিন ও চিনের জি জিনপিং! কেননা, বিশ্বে এই প্রথম এই তিন মহা শক্তিধর দেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চিনের শেনজেনে বসবে এই বৈঠক।
বিরল বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট জি জিনপিং-- একালের তিন বর্ণময় নেতা। তিনি শক্তিধর নেতা। তিন রহস্যময় নেতাও। আগামী সপ্তাহে চিনে মুখোমুখি হবেন তাঁরা! শুক্রবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। সন্দেহ নেই, সাম্প্রতিক কালের রাজনৈতিক বিশ্বে এক বিরল ঘটনা ঘটতে চলেছে।
পরমাণু অস্ত্র
মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এই বৈঠক হতে পারে। বৈঠকে বিশ্ব জুড়ে পরমাণু অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি ইরানের সঙ্গে চলতি যুদ্ধের বিষয়টিও তুলবেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়েও কি আলোচনা করবেন পুতিন? না, ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা তেমন নেই।
মহা বৈঠকে অগ্রাধিকার
হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের জানান, চিনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে তিন নেতার এই মহা বৈঠক। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্ব জুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বরিষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, মনে হয়, ট্রাম্প চিনের প্রেসিডেন্ট জি জিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই ত্রিপাক্ষিক বৈঠকে ইরানের প্রসঙ্গ তুলতে চান।
ইউক্রেন যুদ্ধ
তাহলে ইউক্রেন যুদ্ধ নিয়ে কি আলোচনা হবে না? কেন হবে না? উক্ত বরিষ্ঠ মার্কিন কর্মকর্তা তাঁর ওই মন্তব্যের পাশাপাশি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন আলাদাভাবে কিয়েভ ও মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন প্রতিনিধিরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ে আমেরিকার আলোচনার একটা আলাদা ধারা রয়েছে। ওই কর্মকর্তা আরও যোগ করেন, চিন এই আলোচনা প্রক্রিয়ার অংশ নয়, তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা উপযুক্ত হবে বলে মনে হয় না।
ট্রাম্প-জিনপিং
ডোনাল্ড ট্রাম্পের চিনসফরে তাঁর সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে তিন নেতার বৈঠকে মাস্ক অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক ও ভোজেও অংশ নেবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরে এটি হবে ওই দুই নেতার মধ্যে চতুর্থ বৈঠক। তবে এই অবসরে পুতিনের সঙ্গে ট্রাম্প আলাদা কোনো একান্ত বৈঠক করবেন না বলেই খবর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)