'বেঁচে ফিরব না'! জেল থেকে আর্তনাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর, ইমরানের ১৯৩ বিপি! ব্রেন হেমোরেজ বা হার্ট অ্যাটাকের বিরাট ঝুঁকি
পাকিস্তানের শীর্ষ বিচারকদের এক চিঠি দিয়েছেন ইমরান খান। তাঁর স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বিগ্ন তিনি। অপর্যাপ্ত চিকিৎসা এবং কারাগারে বিপজ্জনক পরিস্থিতির শিকার হওয়ার অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রীর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান এখন রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বন্দি। তাঁর স্বাস্থ্যের অবনতির বিষয়ে দেশের শীর্ষ বিচারকদের সতর্ক করেছেন তিনি। পাকিস্তানের শীর্ষ বিচারকদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া নেতা জানিয়েছেন যে, কারাগারে কী পরিবেশে তিনি থাকেন এবং তিনি ঠিক কী চিকিৎসা পাচ্ছেন! এই দুই বিষয়ে তিনি রীতিমতো উদ্বিগ্ন। পাকিস্তানের জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, ইমরানের পক্ষে ব্যারিস্টার সলমান সদর ওই চিঠি তৈরি করেছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান জানিয়েছেন যে, চিকিৎসকরা তাঁকে ব্রেন হেমোরেজ ও হার্ট অ্যাটাকের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তার রক্তচাপ ১৯৩ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
'বেঁচে নাও ফিরতে পারি'
পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ইমরান লিখেছেন, 'চিকিৎসকরা আমাকে জানিয়েছেন যে, আমার ব্রেইন হেমোরেজ বা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি অত্যন্ত বেশি। এমনকী আমার হৃদযন্ত্রেরও ইতোমধ্যেই ক্ষতি হয়েছে। চুয়াত্তর বছর বয়সে, এই ক্রমাগত প্রতিকূল পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে, যেখান থেকে হয়তো আমি আর জীবিত ফিরে নাও আসতে পারি।'
আরও পড়ুন: ২০ ফুটের দৈত্যাকার ভয়াল ময়াল! গ্রামের মেঠো রাস্তায় তিন শিশু, স্রেফ ৪৪ সেকেন্ডেই...
কেন জেলবন্দি ইমরান খান?
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তারপর থেকে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তিন বছরেরও বেশি সময় ধরে জেলে আছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইমরানের বিরুদ্ধে আনা সব দণ্ডাদেশ হয় স্থগিত করা হয়েছে, নয়তো বাতিল হয়েছে—কেবল একটি ছাড়া! যেটির বিষয়ে আপিল এখনও বিচারাধীন। ইমরান কোনও ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেছেন এবং অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই অভিহিত করেছেন। যদিও সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইমরান লিখেছেন, 'আমি যদি বেঁচে থাকি, তবে আমার নির্দোষ হওয়ার বিষয়টি প্রমাণ করব... আমি এটি কোনও প্রাক্তন প্রধানমন্ত্রী বা কোনও রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না।' তিনি আরও বলেন, আদালত যখনই কোনও স্বস্তিদায়ক সিদ্ধান্ত দেয়, তখনই দেশের বিচার ব্যবস্থার ওপর তাঁর আস্থা নতুন করে জেগে ওঠে।
বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন
সাংবিধানিক সংশোধনের পর তাঁর দেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান খান। তবে তিনি আরও বলেন যে, বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার লক্ষ্যে পাকিস্তান সংবিধান সংশোধন করার পর আশ্বাসের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছে। তার জন্য আইনি প্রতিকারের সুযোগও প্রথমে 'সংকীর্ণ হয়ে এসেছিল এবং পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে'। গত সপ্তাহে পাকিস্তানের এক কর্তা জানান, ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে তাXকে কারাগারে ফিরিয়ে আনা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই কর্তা বলেছেন, ইমরানের রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল... গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে পুনরায় তার কক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)