বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন! মুখ ফেরাচ্ছেন বিদেশি ক্রেতারা?
বাংলাদেশের পোশাক শিল্পে কি এবার বড়সড় ধসের আশঙ্কা? তার থেকেও বড় ধাক্কা, বাংলাদেশের জন্য বরাদ্দ ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার চলে গেল অন্য দেশে। বিদেশি ক্রেতারা কি এবার মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে? সমীক্ষায় উঠে এল উদ্বেগজনক ছবি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অশান্তির জেরে বড়সড় আর্থিক ধাক্কা বাংলাদেশের পোশাক শিল্পে। মাত্র ১৮ দিনের মধ্যে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BGMEA। শুধু তাই নয়, বাংলাদেশের কারখানায় তৈরি হওয়ার কথা ছিল এমন ৫৯ মিলিয়ন পোশাকের বরাত অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এই বরাতের মোট মূল্য ২৫৪ মিলিয়ন ডলার। BGMEA-র সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
১৮ দিনে ৩১৭টি কারখানায় উৎপাদন ব্যাহত
BGMEA-র সমীক্ষা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ৩১৭টি তৈরি পোশাকের কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। অশান্তি ও বিভিন্ন সমস্যার কারণে কারখানাগুলি ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এর জেরেই ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। এই ক্ষতির হিসাব করা হয়েছে রফতানি পণ্যের ফ্রি অন বোর্ড মূল্য ধরে।
অন্য দেশে চলে গেল ২৫৪ মিলিয়ন ডলারের বরাত
সবচেয়ে উদ্বেগের বিষয়, বাংলাদেশের কারখানাগুলির জন্য নির্ধারিত পোশাকের বরাত অন্য দেশে সরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। সমীক্ষায় অংশ নেওয়া কারখানাগুলির তথ্য অনুযায়ী, ৫৯ মিলিয়ন পোশাকের নিশ্চিত বরাত ইতিমধ্যেই অন্য দেশে চলে গিয়েছে। যার আর্থিক মূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
শুধু বরাত হারানোই নয়, সময়মতো পণ্য পাঠাতে না পারায় আরও অর্ডার বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্রেতাদের ধরে রাখতে কারখানাগুলিকে বেশি খরচ করে বিমানে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও আবার দিতে হচ্ছে বড় অঙ্কের ছাড়।
ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে?
BGMEA জানিয়েছে, এই সমীক্ষায় বাংলাদেশের পোশাক শিল্পের সামগ্রিক ক্ষতির পুরো ছবিটা উঠে আসেনি। অশান্তির কারণে ৬০০-রও বেশি কারখানা প্রভাবিত হয়েছে বলে সংগঠনের দাবি। কিন্তু অল্প সময়ের মধ্যে সমীক্ষায় অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
এ ছাড়া ১৮ নভেম্বর পর্যন্ত সমীক্ষার তথ্য সংগ্রহ করা হলেও তার পরেও শিল্পাঞ্চলগুলিতে অস্থিরতা চলেছে বলে জানিয়েছে সংগঠনটি। ফলে আগামী দিনে ক্ষতির অঙ্ক আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের রফতানি বাণিজ্যে উদ্বেগ
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন লক্ষ লক্ষ শ্রমিক। তাই উৎপাদন ব্যাহত হওয়া এবং বিদেশি ক্রেতাদের বরাত অন্য দেশে চলে যাওয়ায় শুধু কারখানার মালিকরাই নন, শ্রমিকদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
BGMEA-র আশঙ্কা, দীর্ঘদিন অশান্তি চলতে থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)