জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তমীর সন্ধ্যায় হাড়হিম খবর এল আরবসাগরের তীর থেকে। টাইগার শ্রফকে ওপেন ফায়ারিং করা হল মুম্বইয়ের জুহু বিচে। আচমকাই মোটরবাইক চেপে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। একাধিক রাউন্ড গুলি চলেছে বলেই জানা যাচ্ছে। তবে স্বস্তির খরব যে, অভিনেতা অক্ষত অবস্থায় বেঁচে যান। তবে তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। পাশাপাশি পাশের এক অটোচালকও আহত হয়েছেন। জুহু থানা এলাকার পুষ্পা পার্কের কাছে এই ঘটনাটি ঘটেছে। এক সূত্র জানিয়েছে 'শ্রফ নিরাপদে আছেন এবং তিনি কোনও আঘাত পাননি।' ফুটবল মাঠ থেকে জ্যাকি শ্রফের পুত্র বেরিয়ে আসার সময়েই এই হামলার ঘটেছে। ঘটনার পরপরই একটি ভিডিও সামনে আসে। ভিডিয়োতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। তিনি জানান, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন, কারণ তিনি 'তাদের নির্দেশ মানছিলেন না' এবং 'সলমান খানের সঙ্গে কাজ করছিলেন'। গুজরাতের কারাগারে বন্দি বিষ্ণোই এর আগেও একাধিকবার সলমান খানকে হত্যার হুমকি দিয়েছেন। তাঁর টার্গেটে সলমান ঘনিষ্ঠরাও।
দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে বলেই অভিযোগ। বিষ্ণোই গ্যাংয়ের অনিল পণ্ডিত দাবি করেছেন যে, অনিল হরমান সান্ধুর সঙ্গে মিলে তাঁরা এই হামলার পরিকল্পনা করেছিলেন। হিন্দিতে লেখা ওই পোস্টে বলা হয়েছে, 'আমরা টাইগারকে ফোন করে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝেনি। তাই আজ আমরা তাঁকে ভালো ভাবে বুঝিয়ে দিলাম।' অনিল পণ্ডিত আরও হুমকি দিয়ে বলেছেন, 'মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁরা আমাদের কথা শুনবে না অথবা সলমান খানের সঙ্গে কাজ করবেন, তাঁদের পরিণতিও একই হবে। অপেক্ষা করুন আর দেখুন।'
মুম্বইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মুম্বই পুলিশ কমিশনারকে ডেকে অভিনেতার উপর গুলি চালানোর ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি পুলিস কমিশনারকে অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্তে ১৫ সদস্য়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)