জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা সলমন খানকে ফের ব্যক্তিগত প্রশ্ন করে আলোচনায় করণ জোহর। তাঁর জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ মরসুমের প্রোমো প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। আর সেই প্রোমোয় সলমনকে ফের প্রশ্ন করা হয়েছে, তিনি এখনও কুমার কি না! করণের সেই পুরনো প্রশ্নের জবাবে এবারও সরাসরি উত্তর এড়িয়ে মজার ছলে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের ভাইজান।
করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মরসুমই হতে চলেছে শেষ মরসুম। আর তার প্রথম অতিথি হিসেবে দেখা যাবে সলমন খানকে। ১৩ অক্টোবর প্রকাশিত হয়েছে নতুন মরসুমের প্রোমো। আগামী ১৪ অক্টোবর থেকে জিয়োহটস্টারে দেখা যাবে এই অনুষ্ঠান। দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে বিদায় নিতে চলেছে এই জনপ্রিয় সেলেব্রিটি শো।প্রোমোয় সলমনকে স্বাগত জানিয়ে করণ বলেন, এক জ্ঞানী ব্যক্তি একসময় বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই তাঁর শেষ মরসুমের শুরুতে সলমনের থেকে ভালো অতিথি আর কে হতে পারেন! এরপরই শুরু হয় দুই তারকার পরিচিত খুনসুটি।
সলমন খানের ব্যক্তিগত জীবন নিয়ে বহু বছর ধরেই কৌতূহল রয়েছে অনুরাগীদের। ২০১৩ সালে ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মরসুমে প্রথমবার অতিথি হয়ে এসেছিলেন সলমন। তখন তাঁকে সরাসরি প্রশ্ন করেছিলেন করণ- তিনি কি কুমার? সলমন সেদিন জানিয়েছিলেন, তিনি কুমার এবং বিয়ের জন্য নিজেকে সঞ্চিত রেখেছেন। এবার শেষ মরসুমের প্রোমোয় সেই পুরনো প্রসঙ্গই ফের তুলে আনেন করণ। তিনি সলমনকে প্রশ্ন করেন, ‘তুমি কি এখনও কুমার?’ জবাবে সলমন বলেন, ‘কন্ট্রোল ইয়ার ব্রাদার, কন্ট্রোল।’ তাঁর এই মজার প্রতিক্রিয়ায় দুই তারকার কথোপকথন আরও জমে ওঠে।
প্রোমোয় শুধু ব্যক্তিগত প্রশ্ন নয়, করণের শো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েও মজা করতে দেখা গিয়েছে সলমনকে। তাঁর ঠাট্টা, শেষ মরসুমের কথা বলে করণ কি সমস্ত তারকাকে অনুষ্ঠানে আসতে রাজি করাচ্ছেন? এরপরই সলমন ইঙ্গিত দেন, ‘কফি উইথ করণ’ শেষ হলে তিনি নিজের শো শুরু করতে পারেন- ‘কফি উইথ সলমন’। করণ যখন জানান, তিনি আর ফিরবেন না, তখন সলমন মজার ছলে বলেন, ‘করণ, তুসি না যাও।’ অর্থাৎ করণকে শো বন্ধ না করার অনুরোধ জানান তিনি। দুই তারকার এই কথোপকথন প্রোমোয় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
প্রোমোয় করণ সলমনকে বলেন, তাঁকে এখন আগের তুলনায় অনেক বেশি শান্ত ও সংযত দেখাচ্ছে। জবাবে সলমন জানান, এতদিন তিনি অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার সেই পরামর্শ নিজের জীবনে অনুসরণ করার সময় এসেছে। এছাড়াও অনুষ্ঠানে সমাজমাধ্যমে ট্রোলিং এবং পাপারাজ্জিদের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে বলে প্রোমোতে ইঙ্গিত মিলেছে। করণ সলমনের এই দুই বিষয়ে প্রকাশ্যে দেওয়া মন্তব্যের প্রসঙ্গ তোলেন। তবে সম্পূর্ণ পর্ব প্রকাশ্যে এলে কথোপকথনের আরও বিস্তারিত জানা যাবে।
দীর্ঘদিন ধরে তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং নানা বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনার জন্য পরিচিত ‘কফি উইথ করণ’। শেষ মরসুমের প্রথম অতিথি হিসেবে সলমন খানের উপস্থিতি এবং করণের সেই চর্চিত প্রশ্নের পুনরাবৃত্তি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)