সাফল্যের জোয়ারে ‘শ্বেতকালী ২’, ২০ মিলিয়ন মিনিটের মাইলফলক ছুঁয়ে আবেগপ্রবণ ঐন্দ্রিলা
কুড়ি মিলিয়নেরও বেশি ওয়াচটাইমের অবিশ্বাস্য মাইলফলক ছুঁল ‘শ্বেতকালী ২’! এই বিরাট সাফল্যের পেছনের গল্প, আবেগ আর সিজন ৩-এর পরিকল্পনা নিয়ে কী বললেন ঐন্দ্রিলা সেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মুরসুমে যখন সিনেমা হলে বাংলা সিনেমার রমরমা, তখনই বাংলা ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছে আরেক থ্রিলার। ZEE5-এ মুক্তি পেয়েছে ‘শ্বেতকালী ২’। স্ট্রিমিং শুরু হওয়ার পর থেকেই দর্শকের মনে ঝড় তুলেছে এই জনপ্রিয় বাংলা সিরিজ । সম্প্রতি এই সিরিজটি কুড়ি মিলিয়নেরও বেশি ওয়াচটাইমের এক মাইলফলক স্পর্শ করেছে। মেকার্সদের স্পষ্ট বার্তা- "Buzz ছিল, Blast হল!" আর এই অভাবনীয় সাফল্যে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সিরিজের অন্যতম মুখ্য মুখ, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।
আরও পড়ুন- বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?
আবেগপ্রবণ ঐন্দ্রিলা
জি ২৪ ঘণ্টার কাছে সিরিজের সাফল্যের পেছনের অনুভূতির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঐন্দ্রিলা। অভিনেত্রী বলেন, কাজের প্রতি সততা এবং নিখাদ পরিশ্রম থাকলে যে তার ফল হাতেনাতে মেলে, তার অনন্য প্রমাণ এই সিরিজ। তিনি জানান, মুক্তির পর প্রি-বাস্ট এবং প্রি-সাবস্ক্রিপশনের দারুণ রেকর্ড দেখে এবং চ্যানেলের বিজনেস হেড থেকে সুসংবাদ পাওয়ার পর আনন্দের চোটে তিনি কেঁদে ফেলেছিলেন। সেই বিশেষ মুহূর্তে তাঁর পাশে একমাত্র সাক্ষী হিসেবে ছিলেন তাঁর মা ও অঙ্কুশ। অভিনেত্রীর মতে, যখন কোনো কাজকে ঘিরে দিনরাত এক করে জানপ্রাণ দিয়ে পরিশ্রম করা হয় এবং সেই পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন সাধারণ দর্শকরা করেন, তখন সেই অনুভূতি প্রকাশের জন্য কোনো ভাষা থাকে না; বরং তা কেবল চোখের জলের মাধ্যমেই প্রকাশ পায়।
ইন্ডাস্ট্রির ভালোবাসা
শুধু সাধারণ দর্শকই নন, বিভিন্ন চ্যানেল এবং টলিপাড়ার সহকর্মীরাও তাঁর সাফল্যের অংশীদার হয়েছেন, বলে জানান ঐন্দ্রিলা। দীর্ঘদিনের কাজের সুবাদে বিভিন্ন চ্যানেলে যুক্ত চেনা মানুষেরা তাঁকে ফোন ও মেসেজ করে জানিয়েছেন তাদের ভালো লাগার কথা। অভিনেত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী বা অন্য চ্যানেলের কাজ হয়েও যখন চারপাশ থেকে এত প্রশংসা আসে, তখন সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। অতিরিক্ত অহংকার বা উচাটন না হয়ে সাবলীলভাবে মাটিতে পা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতাই তাঁর কাজের মূল মন্ত্র।
আরও পড়ুন- আচমকাই চলে গেলেন কিংবদন্তি পরিচালক! 'সিনেমা তাঁর আপসহীন কণ্ঠস্বরকে হারাল...!'
সিজন ৩ নিয়ে পরিকল্পনা কী?
‘শ্বেতকালী ২’-এর এই বিরাট সাফল্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে—তবে কি খুব শীঘ্রই আসছে ‘শ্বেতকালী ৩’? এই প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, সিজন ২ শেষ হওয়ার সময় যেমন কেউ বাড়তি উচ্চাশা বা ছক কষে নামেননি, ঠিক তেমনই সিজন ৩-এর কাজ শুরু করার আগে একটু সময় নেওয়া প্রয়োজন। মেকার, রাইটার, ডিরেক্টর এবং প্রডিউসাররা মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করবেন। দর্শকদের এই প্রত্যাশা এবং উত্তেজনার মাত্রা ধরে রাখতে হলে তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে পা ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। যদি প্রয়োজন হয়, তবে এই সৃষ্টিশীল যাত্রায় আবারও কোমর বেঁধে নামতে প্রস্তুত সকলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)