‘সাধক বামাক্ষ্যাপা’ হল থেকে সরবে না, প্রাইম টাইমেই চলবে! আইন থাকা সত্ত্বেও টানাপড়েন, কী বলছে রাজ্য সরকার?
‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির শো নিয়ে নতুন বিতর্ক। ২০২৫ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি সিনেমা হলের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক। তবু কেন সমস্যা?
সুচরিতা দে: বাংলা ছবির জন্য সরকারি নির্দেশিকা রয়েছে। রয়েছে নির্দিষ্ট আইনও। তবু সিনেমা হলে বাংলা ছবির শো পাওয়া নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় বারবার হল হারানোর অভিযোগ উঠছে বাংলা ছবির প্রযোজক ও পরিবেশকদের একাংশের তরফে। এবার ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিকে ঘিরে সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে। অভিযোগ, দর্শক টানতে সক্ষম এই ছবিকে মাত্র এক সপ্তাহের মধ্যেই হল থেকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তার জায়গায় হিন্দি ছবি দেখানোর প্রস্তুতি ঘিরে তৈরি হয়েছে জটিলতা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীকে নবান্নে প্রযোজক, পরিবেশক এবং হল মালিকদের নিয়ে বৈঠক ডাকতে হয়েছে। টলিউডের একাধিক কলাকুশলীও সমাজমাধ্যমে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। প্রশ্ন উঠছে, বাংলা ছবির জন্য সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন বারবার একই সমস্যার মুখে পড়তে হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে?
আরও পড়ুন, কোনও অজুহাত নয়! প্রাইম টাইমে চালাতেই হবে বাংলা ছবি, আরও ৫১ সিনেমা হল তৈরির নির্দেশ
বাংলা ছবির জন্য কী নির্দেশ রয়েছে রাজ্যের?
বাংলা ছবির প্রদর্শন নিশ্চিত করতে ২০২৫ সালের ১৩ অগস্ট একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। ১৯৫৪ সালের West Bengal Cinemas (Regulation) Act-এর ৫ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করেই এই নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে সারা বছরে ৩৬৫টি প্রাইম টাইম শোতে বাংলা ছবি দেখাতে হবে।
প্রাইম টাইম বলতে কোন সময়?
সরকারি নির্দেশিকায় প্রাইম টাইমের সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে প্রাইম টাইম হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ, প্রতিটি সিনেমা হলের প্রতিটি স্ক্রিনে এই সময়ের মধ্যে প্রতিদিন অন্তত একটি বাংলা ছবির শো থাকা বাধ্যতামূলক। এই নির্দেশ শুধু সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের জন্য নয়। মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনের ক্ষেত্রেও তা কার্যকর। ফলে একটি মাল্টিপ্লেক্সে যতগুলি স্ক্রিন রয়েছে, প্রতিটি স্ক্রিনেই প্রতিদিন অন্তত একটি প্রাইম টাইম বাংলা শো রাখতে হবে।
আইনের বক্তব্য অনুযায়ী, সরকার এ ধরনের নির্দেশ জারি করলে তা সংশ্লিষ্ট সিনেমা হলের লাইসেন্সের অতিরিক্ত শর্ত ও বিধিনিষেধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ, নির্দেশ মানা শুধু প্রশাসনিক অনুরোধ নয়, লাইসেন্সের শর্ত মেনে চলারও বিষয়।
অন্য ভাষার ছবি বন্ধ করার নির্দেশ নয়
এই নির্দেশিকার অর্থ কিন্তু হিন্দি বা অন্য ভাষার ছবি দেখানো বন্ধ করে দেওয়া নয়। বরং প্রতিটি স্ক্রিনে প্রতিদিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবির জায়গা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। বাকি সময়ে অন্য ভাষার ছবিও প্রদর্শিত হতে পারে। অর্থাৎ, বাংলা ছবির জন্য ন্যূনতম প্রদর্শনের সুযোগ নিশ্চিত করাই সরকারি নির্দেশের মূল কথা।
আরও পড়ুন, হাউজফুল শো, তবুও হিন্দি ছবির চাপে হল থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’! ক্ষোভ টলিউডে
আইন থাকা সত্ত্বেও কেন বারবার বিতর্ক?
এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। ২০২৫ সালের নির্দেশিকায় প্রতিটি স্ক্রিনে প্রতিদিন বাংলা ছবির প্রাইম টাইম শো বাধ্যতামূলক করা হয়েছে। তারপরও ‘সাধক বামাক্ষ্যাপা’র মতো ছবির প্রদর্শন নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নির্দেশিকার বাস্তব প্রয়োগ নিয়েই প্রশ্ন উঠছে। প্রযোজক, পরিবেশক ও হল মালিকদের মধ্যে শোয়ের সময়, ছবির প্রদর্শন এবং হলের বণ্টন নিয়ে মতবিরোধ তৈরি হলে তার সমাধানে কেন বারবার মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)